এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৭ জুন, ২০২৩, ০৮:০৬ পিএম
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কারও নেই এতো বড় জয়
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের চতুর্থ দিনের শুরুতেই হয়ে গেল ফয়সালা। আফগানিস্তানকে ৫৪৬ রানে হারিয়েছে বাংলাদেশ। রানের হিসেবে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। শুধু তাই নয়, ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে রানের দিক থেকে তৃতীয় বৃহত্তম জয় এটি।
টেস্টে রানের দিক থেকে এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল ২২৬ রানের। ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়েকে হারিয়ে নিজেদের প্রথম টেস্ট জয় পেয়েছিল বাংলাদেশ। শনিবার ৬৬২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে ১১৫ রানেই গুটিয়ে যায় আফগানরা। দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তাসকিন আহমেদ। শরিফুল ইসলাম ২৮ রানে পান ৩ উইকেট।
রানের হিসেবে বাংলাদেশের চেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড আছে কেবল দুটি। ১৯২৮ সালে অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারিয়েছিল ইংল্যান্ড, আর ১৯৩৪ সালে ইংল্যান্ডকে ৫৬২ রানে হারায় অস্ট্রেলিয়া।
রানের হিসেবে বাংলাদেশের মতো এতো বড় জয় নেই পরাশক্তি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কারও। টেস্টে শ্রীলঙ্কার সবচেয়ে বড় জয় ৪৬৫ রানের। রানের হিসেবে পাকিস্তানের বড় জয় ৩৭৩ রানের আর ভারতের ৩৭২ রানের। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি