এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৭ জুন, ২০২৩, ০৮:০৬ পিএম
ক্রিকেট থেকে সরে যাওয়ার সময় হয়েছে: পাপন
একযুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান পাপন। ক্রিকেট ছাড়াও রাজনীতিসহ নানা বিষয়ের সঙ্গে জড়িত তিনি। তার সময়ে বাংলাদেশ ক্রিকেট দল উন্নতিও করেছে বেশ। ব্যক্তিগত ব্যস্ততা বেড়ে যাওয়ায় এবং ক্রিকেট অতিরিক্ত সময় নিয়ে নেয়ায় বিসিবির দায়িত্ব থেকে সরে যাওয়ার আভাস দিয়েছেন পাপন।
শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি প্রধান বলেন, আমি ফার্মাসিউটিকালের সঙ্গে জড়িত। এর বাইরে রাজনীতি আছে, যেটা আমার পারিবারিক ঐতিহ্য। আমার বাবা করতেন, আপনারা সবাই জানেন। আমিও করছি ও করবো। এর বাইরেও আরও ২০ টা অন্তত জায়গা আছে যেখানে আমাকে সময় দিতে হয়। কিন্তু, ক্রিকেট আমার সবটুকু সময় নিয়ে নিচ্ছে। আজকেও আমার খুবই জরুরী একটা মিটিং ছিল। কত জরুরী, সেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু, আমি বলেছি খেলার মধ্যে আমি কোনো ভাবেই মিটিংয়ে থাকতে পারব না। খেলা বাদ দিয়ে আমার পক্ষে মিটিংয়ে থাকা সম্ভব না।
বিসিবি ছাড়ার আভাস দিয়ে পাপন বলেন, ক্রিকেট আমার সব সময় নিয়ে নিচ্ছে। আমি মনে করি এখন আমার সরে যাওয়ার সময় হয়েছে এখান থেকে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমার যাওয়া দরকার এখন। অন্য যেসব জায়গায় সময় দিতে পারছি না, সেটাও আমার দায়িত্ব। আর ক্রিকেটকে তো সময় দিলামই।
বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়লেও তার আগে দেশের ক্রিকেটকে আরও অনেক কিছু দিয়ে যেতে চান পাপন। মাঠের সমস্যা সমাধানের পাশাপাশি ক্রিকেট বোর্ডের অবকাঠামোগত উন্নয়নও করতে চান তিনি। একই সঙ্গে জাতীয় দলের পাইপলাইনকেও আরও সমৃদ্ধ করার ইচ্ছেও ব্যক্ত করেন বিসিবি সভাপতি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি