এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৮ জুন, ২০২৩, ০২:০৬ পিএম
উত্তর প্রদেশে ৩৪ মৃত্যু
ভারতের উত্তরাঞ্চলে তীব্র দাবদাহে উত্তর প্রদেশ রাজ্যে যারা মারা গেছেন তাদের সবার বয়স ষাটের বেশি। এ কারণে চিকিৎসকেরা ষাটোর্ধ্বদের দিনের বেলা ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন। গত শনিবার রাজ্যের সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।
দাবদাহে যারা গেছেন তারা আগে থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, তীব্র দাবদাহের কারণে শারীরিক জটিলতা আরও বেড়ে এসব ব্যক্তির মৃত্যু হয়।
দাবদাহে প্রাণ হারানো এসব মানুষ উত্তর প্রদেশের বাল্লিয়া জেলার বাসিন্দা। রাজ্যের রাজধানী লক্ষ্ণৌ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে এ জেলার অবস্থান। বাল্লিলার প্রধান চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত কুমার বলেন,গত বৃহস্পতিবার ২৩ জনের মৃত্যু হয়। গত শুক্রবার মারা যান আরও ১১ জন।
জয়ন্ত কুমার জানান, এর মধ্যে বেশির ভাগ মানুষের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাক, ব্রেইন স্ট্রোক ও ডায়রিয়ায়। জেলার আরেকজন চিকিৎসা কর্মকর্তা দিবাকর সিং জানান, গুরুতর শারীরিক অবস্থা নিয়ে এসব ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তীব্র দাবদাহে বয়স্ক ব্যক্তিরা বেশি ঝুঁকিতে রয়েছে বলে জানান তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি