এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৯ জুন, ২০২৩, ০১:০৬ পিএম
গ্রিসে অভিবাসী নৌকা ডুবির ঘটনায় পাকিস্তানে গ্রেপ্তার ১০
গ্রিসের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় ইউরোপের সবচেয়ে ভয়াবহ অভিবাসী নৌকাডুবির ঘটনায় জড়িত সন্দেহে ১০ মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে পাকিস্তান কর্তৃপক্ষ।কয়েক দিন আগে গ্রিসের অদূরে ওই নৌকাডুবিতে ৫ শতাধিক অভিবাসীর মৃত্যু হয়।
উন্নত জীবনের আশায় প্রত্যেক বছর হাজার হাজার পাকিস্তানি তরুণ অবৈধভাবে বিপজ্জনক পথে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন। স্থানীয় গণমাধ্যম বলছে, গত বুধবার গ্রিসের পেলোপনিস উপদ্বীপের কাছে মরিচা ধরা একটি নৌকা ডুবে যারা মারা গেছেন তাদের মধ্যে প্রায় ৩০০ জন পাকিস্তানি ছিলেন।
পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, রোববার পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৯ মানবপাচারকারীকে আটক করা হয়। আর অন্যজনকে গ্রেপ্তার করা হয় দেশটির গুজরাট প্রদেশ থেকে। দীর্ঘদিন ধরে ইউরোপগামী পাকিস্তানি অভিবাসীদের জন্য স্প্রিংবোর্ড হিসাবে কাজ করছে গুজরাট।
আজাদ কাশ্মিরের স্থানীয় সরকারি কর্মকর্তা চৌধুরী শওকত বলেছেন, ‘অভিবাসীদের ইউরোপে যাওয়ার পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃতদের ব্যাপারে তদন্ত চলছে।’
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ এক বিবৃতিতে বলা হয়েছে, নৌযানটিতে প্রায় ৭৫০ জন অভিবাসী ছিলেন।
এর আগে, শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রিসে নৌকাডুবির ওই ঘটনায় ১২ পাকিস্তানিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে ঠিক কতজন পাকিস্তানি ছিলেন সেবিষয়ে মন্ত্রণালয়ের কাছে কোনও তথ্য নেই।
গ্রিসে নৌকাডুবে পাকিস্তানি নাগরিকদের প্রাণহানির ঘটনায় সোমবার দেশে একদিনের জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে মানবপাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেছেন, মানবপাচারকারীদের ‘কঠোর শাস্তি’ দেওয়া হবে।
শেহবাজ শরিফের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মানবপাচারের মতো জঘন্য অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা জোরদারের জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি