এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৯ জুন, ২০২৩, ০২:০৬ পিএম
নেপালকে হারিয়ে জিম্বাবুয়ের বড় জয়
ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের দুইটি দল এখনো চূড়ান্ত হয়নি। আজ জিম্বাবুয়েতে সেই দুই জায়গার লড়াইয়ের জন্য শুরু হয়েছে বিশ্বকাপ বাছাই পর্ব। দিনের প্রথম ম্যাচে নেপালকে রীতিমত উড়িয়ে দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। নেপালের দেওয়া ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামসের শতকে ৩৫ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে সিকান্দার রাজারা।
১০ দলের আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে ওয়ানডে সুপার লিগের প্রথম আটটি দল। বাকি দুইটি দল বাছাই পর্ব অতিক্রম করে আসবে। যেখানে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মতো দল।
জিম্বাবুয়েতে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দশটি দল। আজ প্রথম দিনের লড়াইয়ে মাঠে নামে চারটি দল। প্রথম ম্যাচে নেপাল ও জিম্বাবুয়ে এবং অপরটিতে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।
হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক ক্রেইগ আরভিন। 'এ' গ্রুপের লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে কুশাল বারতেলের ৯৯ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৯০ রান সংগ্রহ করে নেপাল।
২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রেকর্ড গড়েছে জিম্বাবুয়ের অন্যতম সেরা ও অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস। ৭০ বলে শতক হাঁকিয়ে এই বাঁহাতি ব্যাটার রোডেশিয়ানদের দ্রুততম শতকের মালিক বনে গেছেন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ওপেনার জয়লর্ড গুম্বিকে হারালেও এক প্রান্তে দাঁড়িয়ে থাকেন অধিনায়ক আরভিন। সেই সঙ্গে দলের জয়ে ভীতও গড়ে দেন তিনি। এই ওপেনার ও উইলিয়ামসের ১৬৪ রানের রেকর্ড জুটিতে হেসেখেলে জয় তুলে নেয় স্বাগতিকরা।
৪৫তম ওভারেই ৮ উইকেট হাতে রেখে বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ১২১ রানের ইনিংস খেলেন আরভিন। অপরদিকে ৭০ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন উইলিয়ামস।
নিজেদের দ্বিতীয় ম্যাচে ২০ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি