ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরেই শাস্তি পেলেন মঈন আলী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ জুন, ২০২৩, ০৫:০৬ পিএম

অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরেই শাস্তি পেলেন মঈন আলী

 অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরেই শাস্তি পেলেন মঈন আলী

প্রায় দুই বছর পর অবসর ভেঙে এবারের অ্যাশেজ সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেছেন ইংলিশ স্পিন অলরাউন্ডার মঈন আলী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজে খেলছেন প্রথম টেস্ট। তবে অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরেই শাস্তি পেয়েছেন তিনি। জরিমানা হলো ম্যাচ ফি’র ২৫ শতাংশ।

আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২০ ধারা লঙ্ঘনের অভিযোগ উঠেছে মঈনের বিরুদ্ধে। যা খানিকটা বল বিকৃত করার চেষ্টার সামিল। বল শুকনো করার জন্য তাতে কিছু মাখতে দেখা যায় মঈনকে।

শনিবার অস্ট্রেলিয়ার ইনিংসের ৮৯তম ওভারের। বাউন্ডারি লাইনের পাশে মঈনকে দেখা যায় শুকনো করার জন্য বলে তিনি কিছু একটা মাখাচ্ছেন। বলে তিনি কী মাখাচ্ছিলেন তা সঠিক ভাবে বোঝা যায়নি টেলিভিশনের ক্যামেরায়। কেন মাখাচ্ছিলেন তাও জানা যায়নি।

যদিও বিষয়টি নজর এড়ায়নি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের। তিনি ম্যাচের পর ডেকে পাঠান মঈনকে। ম্যাচ রেফারির সামনে অপরাধ স্বীকার করে নিয়েছেন ইংল্যান্ডের পাক বংশোদ্ভূত এই অলরাউন্ডার।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, মইনকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। তিনি লেভেল-১ অপরাধ করেছেন। গত ২৪ মাসে ইংল্যান্ডের অলরাউন্ডারের এটাই এই ধরনের প্রথম অন্যায়। ম্যাচ রেফারির কাছে মঈন নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। তাই শুনানির প্রয়োজন হয়নি। একই সঙ্গে জানানো হয়েছে, মঈনকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, মঈন জানিয়েছেন হাত শুকনো রাখার জন্য তিনি একটি সাদা রঙের ক্রিম ব্যবহার করেছেন। তার দাবি, ক্রিমটি বলের উপর একটি কৃত্রিম পদার্থ হিসাবে ব্যবহার করেননি। কিন্তু তার এই যুক্তিতে সন্তুষ্ট হতে পারেননি ম্যাচ রেফারি। মঈন নিশ্চিত করতে পারেননি, যে সেই ক্রিম শুধু নিজের আঙুলেই ব্যবহার করেছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি