এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৯ জুন, ২০২৩, ০৫:০৬ পিএম
বয়সের তুলনায় নাসিম শাহ বেশিই পরিপক্ব: শন টেইট
গতির কারণে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিত সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার শন টেইট। কিছুদিন আগে পাকিস্তানের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। এবার পাকিস্তানের পেসার নাসিম শাহ’র প্রশংসায় পঞ্চমুখ সাবেক এই অজি পেসার।
এক সাক্ষাৎকারে শন টেইট বলেন, আমার শুধু মনে হয়, সে (নাসিম) দারুণ বোলার। আমি তার সঙ্গে কাজ করে উপভোগ করেছি। এখন তার যে বয়স, ২০ এর কাছাকাছি, সে সম্ভবত সেরা এবং এটা একটি বড় মন্তব্য। কিন্তু আমি বলতে চাই, সে আমার দেখা এই বয়সের অন্যতম সেরা পেসার।
তিনি আরো বলেন, তার সামর্থ্য-মেধা অনুযায়ী, তার ইচ্ছে ও প্রতিযোগিতার মানসিকতার কারণে সে প্রায় নিখুঁত প্যাকেজ। সবকিছু নিখুঁত না হলেও সে খুব কাছাকাছি আছে। সে চাইলে বল দুইদিকেই সুইং করাতে পারে এবং পুরনো বলে রিভার্স সুইং করাতে পারে। তার ভালো গতি আছে এবং ভালো ইয়র্কারও করতে পারে। সব মিলিয়ে সে দুর্দান্ত বোলার। বয়সের তুলনায় সে বেশি পরিপক্ব।
পাকিস্তান দলের সঙ্গে প্রায় এক বছর কাজ করেছিলেন টেইট। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বাবর-নাসিমদের সঙ্গে শুরু করেছিলেন তিনি। সবশেষ ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ শেষে এই দায়িত্ব ছাড়েন তিনি। এই সময়ে নাসিমকে খুব কাছ থেকেই দেখেছেন এই অজি কোচ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি