এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২০ জুন, ২০২৩, ০৩:০৬ পিএম
ভারত নয় দেশেই হবে টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প: জালাল ইউনুস
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ হওয়ার পর ছুটিতে থাকার কথা টাইগারদের। কারণ ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ জুলাই। তবে আসন্ন বিশ্বকাপ ও এশিয়া কাপের জন্য নিজেদের প্রস্তুত করতে মিরপুরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও কয়েক মাস আগেই বিসিবি জানিয়েছিলো, ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প করতে ভারতে যাবে সাকিব-তামিমরা। তবে এখনো যেহেতু বিশ্বকাপের সূচি প্রকাশ হয়নি, সে কারণে নিজেদের ঘরের মাঠেই ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার মিরপুর শেরে বাংলার মাঠে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, স্কিল ট্রেইনিং হবে শুরুতে, ১০-১২ দিনের মতো। প্রাথমিকভাবে আমাদের চিন্তা আছে সিলেট না হয় চট্টগ্রামে। এরপর যেটা হবে সেটা অনুশীলন সেশন, সেটা ঢাকাতেই হওয়ার সম্ভাবনা আছে। পুরো আগস্ট জুড়েই হবে ক্যাম্প।
তিনি আরো বলেন, বগুড়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, ভেন্যুটি নিয়ে কিছু সমস্যা আছে। ড্রেসিংরুম ঠিক নেই, মাঠের বাইরে-ভেতরে পর্যাপ্ত উন্নয়ন প্রয়োজন। এটাতে সময় লাগবে, তাই বগুড়াতে ক্যাম্প হওয়ার সম্ভাবনা কম।
এদিকে, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে নামবে টাইগার অলরাউন্ডার সাকিব। আয়ারল্যান্ডের বিপক্ষে আঙ্গুলের ইনজুরিতে পড়ে ঢাকা টেস্টে খেলতে পারেননি তিনি। বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে কঠোর অনুশীলন করছেন তিনি। কয়েক দিন ধরে ফিটনেস নিয়ে কাজ করলেও ব্যাট-বল হাতে নেননি। তবে সোমবার থেকে ব্যাট-বল হাতে নেটে অনুশীলন করেছেন এই অলরাউন্ডার।
অন্যদিকে, পিঠের ব্যথায় ঢাকা টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে সাকিবের মতো তিনিও নেটে ব্যাটিং করেছেন তিনি। বিশ্বকাপের আগে ছন্দে ফিরতে মরিয়া হয়েছে উঠেছে টাইগাররা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি