এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৬ জুন, ২০২৩, ০৬:০৬ পিএম
মামলা জিতে ৩ কোটি টাকা পাচ্ছেন ডেভিড ওয়ার্নার
আইপিএলে দিল্লির হয়ে ব্যাট হাতে আলো ছড়ালেও খালি হাতে ফিরতে হয়েছে ডেভিড ওয়ার্নার। এরপরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দল শিরোপা জিতলেও ব্যাট হাতে ইনিংস বড় করতে পারেননি ওয়ার্নার। সবশেষ এজবাস্টন টেস্টে ৩৬ ও ৯ রানের ইনিংস খেলে ভক্তদের মন জয় করতে পারেননি তিনি। সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছেনা এই অজি ব্যাটারের। এর মধ্যেই একটি সুসংবাদ পেয়েছেন তিনি। স্পার্টান নামের সাবেক স্পনসরের সঙ্গে আইনি লড়াই করে ৪ লাখ ২২ হাজার অস্ট্রেলিয়ান ডলার জিতেছেন তিনি।
ওয়ার্নারের মতোই স্পার্টান নামের ওই স্পনসরের সঙ্গে আইনি লড়াইয়ে মোটা অঙ্কের টাকা জিতেছিলেন ভারত ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
স্পার্টানের সঙ্গে ২০১৮ সালে টেন্ডুলকার-মাইকেল ক্লার্ক ও ওয়ার্নাররা চুক্তিবদ্ধ হন। একটা সময় ক্রিস গেইলেরও স্পনসর হয় অস্ট্রেলিয়া-ভিত্তিক কোম্পানিটি। তবে বেশ মোটা অঙ্কের ঋণের বোঝা মাথায় নিয়ে ধসে পড়ে স্পার্টান। এরপর পরিবর্তন আসে কোম্পানিটির মালিকানায়। পুনর্গঠনের পর কিছু প্রাইভেট বিনিয়োগকারীর কাছে এর মালিকানা চলে যায়।
ওয়ার্নার ২০২১ সালে স্পার্টান থেকে সরে গিয়ে এখনকার স্পনসর ডিএসসির সঙ্গে চুক্তি করেন। তবে স্পার্টানের কাছে বকেয়া ছিল তার। ওয়ার্নারের এজেন্ট বলেন, স্পার্টান আমাদের টাকা পরিশোধ করেনি। ফলে ডেভিডের সঙ্গে আমরা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরপর গত সপ্তাহে সিডনির জেলা আদালত ওয়ার্নারকে ৪ লাখ ২২ হাজার ৭২৭ অস্ট্রেলিয়ান ডলার পরিশোধের রায় দেন। বিচারক ম্যাথু ডিকার স্পার্টান স্পোর্টসের মালিক দুই কোম্পানি স্পার্টান স্পোর্ট করপোরেশন ও এসএস ম্যানেজমেন্ট অস্ট্রেলিয়াকে এ অর্থ পরিশোধের নির্দেশ দেন। বকেয়া বাবদ ওয়ার্নারকে ৩ লাখ ৮২ হাজার ৯৪০ অস্ট্রেলিয়ান ডলার পরিশোধ করতে বলা হয়।
এ ছাড়া আদালতের রায় অনুযায়ী, ওয়ার্নার আরো ৩৯ হাজার ৭৮৬ অস্ট্রেলিয়ান ডলার পাবেন। ফলে ২৮ জুন থেকে শুরু লর্ডস টেস্টে বাড়তি একটা প্রাপ্তির সুখবর নিয়েই নামবেন ওয়ার্নার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি