এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৩, ০৪:০৭ পিএম
তাসকিন-মুশফিককে সঙ্গে নিয়ে উড়াল দিলেন সাকিব
আফগানিস্তান সিরিজ শেষে ছুটিতে আছেন টাইগার ক্রিকেটাররা। ২৯ জুলাই শুরু হবে এশিয়া কাপ ও বিশ্বকাপকে কেন্দ্র করে প্রস্তুতি ক্যাম্প। বাকি ক্রিকেটাররা বিশ্রামে থাকলেও ব্যস্ত সময় পার করছেন লিটন, মুশফিক, তাসকিন ও সাকিব। লিটন গত মঙ্গলবার কানাডার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন।
সাকিব আল হাসান গেছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নিতে। আর তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিমের ঠিকানা জিম্বাবুয়ের জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্ট। এই তিনজন একই সঙ্গে যাত্রা করেছেন।
এমিরেটস এয়ারলাইন্সে করে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টায় ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বাংলাদেশ দলের এই তিন ক্রিকেটার। নিজের ভেরিফাইড ফেবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিকুর রহিম।
তবে একই ফ্লাইটে করে গেলেও দুবাই গিয়ে পথ আলাদা হয়ে যাওয়ার কথা তিনজনের। দুবাই থেকে সাকিব আল হাসান উঠেছেন কানাডার বিমানে এবং তাসকিন-মুশফিক জিম্বাবুয়ের বিমানে।
এদিকে জিম্বাবুয়েতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে জিম আফ্রো টি-টেন লিগ। নিলাম হওয়ার আগে মুশফিকুর রহিমকে দলে ভেড়ায় জোবার্গ বাফেলোস। এরপর নিলাম থেকে তাসকিন আহমেদকে নেয় বুলাওয়ে ব্রেভসে। আগামী ২০ থেকে ২৯ জুলাই হবে জিম আফ্রো টি-টেন লিগ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি