ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে ১০, আসামে বন্যায় ৮ জনের মৃত্যু


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ জুলাই, ২০২৩, ১০:০৭ পিএম

ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে ১০, আসামে বন্যায় ৮ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে ১০, আসামে বন্যায় ৮ জনের মৃত্যু

 ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যরাতে মহারাষ্ট্রের প্রধান শহর মুম্বাই থেকে ৬০ কিলোমিটার দূরের প্রত্যন্ত পার্বত্য পল্লী ইরশালওয়াদিতে বৃষ্টির মধ্যে ভূমিধসের ঘটনা ঘটে, পবর্তের একটি অংশ ধসে পড়ে অন্তত ১০ জন নিহত ও শতাধিক নিখোঁজ হন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১০টি লাশ ও ৮০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। খারাপ আবহাওয়ার মধ্যে পাহাড়ের বন্ধুর পার্বত্য এলাকায় উদ্ধারকাজ চালাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।

ইরশালওয়াদিতে অন্তত ২২৫ জনের মতো মানুষ বসবাস করতেন বলে হিসাব করা হয়েছে। ভূমিধসের পর থেকে এখানে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধার কাজ চলছে। এরমধ্যেই পাহাড়ের গা বেয়ে বড় বড় বোল্ডার গড়িয়ে নেমে এসে উদ্ধারকারীদের কাজ আরও কঠিন করে তুলছে। 

এদিকে আসামে আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে এবং ১ লাখ ১৫ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। কয়েকদিনের টানা বৃষ্টির পর রাজ্যের নদ-নদীর পানি বেড়ে দু’কূল ভাসিয়ে নেয় বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

তারা জানান, ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে রাজ্যের ১৭টি জেলার প্রায় সাড়ে চারশ গ্রাম ডুবে গেছে, পাশাপাশি বন্যপ্রাণীর অভয়ারণ্যগুলোর বিশাল অংশ তলিয়ে গেছে।

পানি কমতে শুরু করেছে জানিয়ে আসামের পানি সম্পদমন্ত্রী পিযুষ হাজারিকা বলেন, বন্যার প্রথম ধাক্কা শুরু হয় এক পক্ষকাল আগে, তারপর থেকে এ পর্যন্ত বিভিন্ন স্থানে পানিতে ডুবে আটজনের মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ বন্যা কবলিত ১৭টি জেলায় ৮৫টি ত্রাণশিবির স্থাপন করেছেন। এসব শিবিরে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে।

মরিগাঁও জেলার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর বার্তা সংস্থা এএনআইকে বলেন, খাবারের ব্যবস্থা করতে খুব কষ্ট হচ্ছে। লোকজন বাজারে যেতে চাইলেও রাস্তা ডুবে থাকায় তারা সমস্যায় পড়ছেন। ফসলও তলিয়ে গেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা 

এনবিএস/ওডে/সি