এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২০ জুলাই, ২০২৩, ১০:০৭ পিএম
২২ লাখ টাকার টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ শনিবার চট্টগ্রামে শুরু হচ্ছে
আগামী ২২ জুলাই শনিবার শুরু হচ্ছে ৩৯তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা। চট্টগ্রাম রাইফেলস ক্লাবে প্রতিযোগিতা চলবে ২৯ জুলাই পর্যন্ত। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন টুর্নামেন্ট নিয়ে আলোকপাত করেন টেনিস ফেডারেশনের কর্মকর্তারা। এবারের প্রতিযোগিতায় পাঁচটি বিভাগ, ২৮টি জেলা, তিনটি সার্ভিসেস ও একটি বিশ্ববিদ্যালয় দল অংশ নিচ্ছে।
পাঁচটি বিভাগ হচ্ছে-খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও সিলেট। সার্ভিসেস দল থেকে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করবে।
মোট ২৩০ জন খেলোয়াড় ৩৯তম জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা হবে পুরুষ দলগত, মহিলা দলগত, পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত, মিশ্র দ্বৈত, বালক অনূর্ধ্ব-১৮ একক ও বালিকা অনূর্ধ্ব-১৮ একক ইভেন্টে।
টুর্নামেন্টের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২২ লাখ টাকা। এর মধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ১৩ লাখ, ইউ সি বি ব্যাংক ৫ লাখ, পোলার আইসক্রীম ৪ লাখ টাকা দিচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি মেজবাহ উদ্দিন ও সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মিডিয়া কমিটির চেয়ারম্যান সাইদুল হক সাদী প্রমূখ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি