ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

অগ্নিগর্ভ মণিপুর, নারীদের মিছিল থামাতে সেনা মোতায়েন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ জুলাই, ২০২৩, ১০:০৭ পিএম

অগ্নিগর্ভ মণিপুর, নারীদের মিছিল থামাতে সেনা মোতায়েন

অগ্নিগর্ভ মণিপুর, নারীদের মিছিল থামাতে সেনা মোতায়েন

ভারতের মণিপুরে একের পর এক ধর্ষণের খবর সামনে আসছে। প্রতিবাদে মিছিল নিয়ে রাজপথে নেমে এসেছেন নারীরা। শনিবার রাজধানী ইম্ফলের ঘড়ি এলাকায় বিক্ষোভ করেছেন তারা।  তাদের হাতে ধর্ষণবিরোধী সব প্ল্যাকার্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা মোতায়েন করা হয়েছে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েন নারীরা। রাস্তা পুরোপুরি আটকে চলতে থাকে বিক্ষোভ। এমনকি, বিক্ষোভকারীরা রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে দেন। মূলত, ভিডিওকাণ্ডের প্রতিবাদেই পথে নেমেছেন ওই মহিলারা। তাদের হাতে আরএসএস-বিরোধী প্ল্যাকার্ডও দেখা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশবাহিনীর পাশাপাশি সেনা বাহিনীকেও পাঠানো হয়। তারা গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি সামাল দেন। এরপর বিক্ষোভকারীদের আটকাতে ইম্ফলের বিভিন্ন স্থানে প্রচারমূলক মিছিলও করা হয়।

গত ৩ মে থেকে কুকি এবং মেইতেই জনজাতির সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। এখনো পর্যন্ত দেড়শোর বেশি মানুষের মৃত্যু হয়েছে রাজ্যটিতে। বহু ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। দিনের পর দিন ঘরছাড়া হয়ে কাটাচ্ছেন অনেকে। অশান্তির কারণে মণিপুর ছেড়ে অন্য রাজ্যেও পালিয়ে গিয়েছেন অনেক পরিবার।

এই পরিস্থিতিতে সম্প্রতি মণিপুরের একটি ভিডিওকে ঘিরে নতুন করে চড়েছে উত্তাপের পারদ। ভিডিওটিতে দেখা গেছে, দুই মণিপুরী মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হচ্ছে। অবশ্য ঘটনার ৭৯ দিন পর ধর্ষকদের মধ্যে এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার মণিপুরে ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে। তাতে হিতে হয়েছে বিপরীত। যে কোনো তুচ্ছ বিষয়ও বিশাল করে গুজব আকারে ছড়িয়ে পড়ছে। এ ব্যাপারেও ভাবতে হচ্ছে সরকারকে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি