এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৩, ০৬:০৭ পিএম
এশিয়া কাপ ও বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় তামিম
তামিম ইকবাল
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অনেক দিন ধরেই পিঠের ব্যথায় ভুগছিলেন। সর্বশেষ সিরিজগুলোতেও তাকে অস্বস্তি নিয়ে ম্যাচ এবং অনুশীলনে অংশ নিতে দেখা গেছে। এর মাঝেই তামিমের অবসর নাটকীয়তা শেষে তিনি বর্তমানে ছুটিতে আছেন।
তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে রয়েছেন। এবার জানা গেল, চোট সারাতে তার অপারেশন লাগতে পারে। এ ছাড়া সাময়িক সমাধান হিসেবে আছে আরো দুটি উপায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তার মাধ্যমে জানা গেছে, চলতি সপ্তাহেই যুক্তরাজ্যে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করবেন তামিম। সেখানে তার চোটের বর্তমান অবস্থা জানার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন ৩৪ বছর বয়সী এ ওপেনার।
তিনি বলেন, তামিমের বর্তমান অবস্থা বিবেচনায় তিনটি সম্ভাব্য সমাধান রয়েছে- ইঞ্জেকশন, রিহ্যাবিলিটেশন ও অপারেশন। তামিমের এমন চোট সারাতে অপারেশন লাগতে পারে, তবে সেটি হতে পারে ওই প্রক্রিয়ার সর্বশেষ সমাধান। কেননা, এ মুহূর্তে কোনো সার্জারিতে গেলে তাকে কমপক্ষে চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে।
তিনি আরো বলেন, তবে এ মুহূর্তে তা সম্ভব কিনা সেটিই সবচেয়ে বড় প্রশ্ন আগামী তিন মাসের মধ্যে আমাদের বড় দুটি টুর্নামেন্ট রয়েছে। আমরা চিকিৎসক কী পরামর্শ দেন তা জানার অপেক্ষায় আছি। অপারেশন ছাড়াও রিহ্যাবিলিটেশন এবং ইঞ্জেকশনের অপশনও আছে তামিমের হাতে।
অন্যদিকে আর এক সূত্রে মাধ্যমে, আগামী কয়েক মাসের আন্তর্জাতিক ব্যস্ততা বিবেচনায় ব্যথা কমাতে তামিম ইঞ্জেকশন নিতে পারেন। যেহেতু এশিয়া কাপের জন্য কয়েক দিনের মধ্যে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। তামিম এর ভেতরই সেই ক্যাম্পে যোগ দিতে পারেন। তবে ইঞ্জেকশন তাকে পিঠের ব্যথা থেকে কতদিন মুক্ত রাখবে তার কোনো নিশ্চয়তা নেই। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি