এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৩, ০৪:০৭ পিএম
ঝিনজিয়াংয়ে বন্দিশিবিরের দাবি ভিত্তিহীন, জানালেন অঞ্চলটির বৃহত্তম মসজিদের ইমাম
চীনের ঝিনজিয়াংয়ের বৃহত্তম ঈদ কাহ মসজিদ দেশ-বিদেশের অনেক পর্যটককে আকৃষ্ট করে থাকে। কাশগর প্রাচীন শহরের কেন্দ্রে অবস্থিত মসজিদটিকে স্থানীয় নিদর্শনগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।
চীনের ঝিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে 'বন্দিশিবির' রয়েছে বলে যে দাবি করা হয় তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মসজিদটির ইমাম মোহাম্মদ জুম্মাহ।
তিনি সফররত বাংলাদেশি গণমাধ্যমের একটি প্রতিনিধি দলকে বলেন, এ ধরনের ভিত্তিহীন দাবি ও অপপ্রচারের পেছনে একটি গোপন উদ্দেশ্য রয়েছে। আমরা বিশ্বাস করি না যে এখানে কোনো ধরনের বন্দিশিবির রয়েছে। এটি মিথ্যা ছাড়া আর কিছু নয়। আমার বয়স ৫৩ বছর। আমি আমার জীবনে কখনো কোনো দুর্ঘটনা বা সহিংসতা দেখিনি।
স্থানীয় কর্মকর্তারা বলেন, কাশগরের বাসিন্দারা ধর্মীয় পর্যটকদের ক্রমবর্ধমান উপস্থিতির সঙ্গে উন্নত জীবন উপভোগ করে থাকে, এতে তাদের ব্যবসা বৃদ্ধি পাচ্ছে।
সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ব্রাজিল, ইরান, ইন্দোনেশিয়া, ইকুয়েডর ও সেনেগালসহ ১৪টি দেশের রাষ্ট্রদূত চীনের ঝিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সফর করেছেন। চীনের বিভিন্ন শহরে অবস্থানরত ১৪টি দেশের কনসাল জেনারেলরা আঞ্চলিক রাজধানী উরুমচি, কাশগার, তুরপান ও ঝিনজিয়াংয়ের অন্যান্য স্থান পরিদর্শন করেন এবং এই অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন।
সিনহুয়া জানায়, তারা বলেছে যে ঝিনজিয়াংয়ের অর্জন উল্লেখযোগ্য এবং সব জাতিগোষ্ঠীর মানুষ সম্প্রীতি ও সুখে বসবাস করে। রাষ্ট্রদূতরা প্রাচীন শহর কাশগর পরিদর্শন করেন এবং পর্যটনের উত্থান পর্যবেক্ষণ করেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি