ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

স্পেনে নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্ট, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৩, ০৫:০৭ পিএম

স্পেনে নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্ট, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

স্পেনে নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্ট, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

স্পেনের পার্লামেন্ট নির্বাচনে বিরোধী দল পিপলস পার্টি (পিপি) জয়ী হয়েছে। তবে একক সংখ্যাগরিষ্ঠতা  লাভে ব্যর্থ হয়েছে। এতে দেশটিতে একটি ঝুলন্ত পার্লামেন্ট গঠিত হয়েছে। তারা জোট সরকার গঠন আলোচনায় সফল হবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। 

গত রোববার স্পেনের পার্লামেন্টের নিম্নকক্ষ ৩৫০ আসনের কংগ্রেস অব ডেপুটিজের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ভোট পড়েছে ৭১ দশমিক ৩১ শতাংশ। ২০১৯ সালে আগের নির্বাচনে ভোট পড়েছিল ৬৬ দশমিক ২৩ শতাংশ।

নির্বাচনে রক্ষণশীল পিপলস পার্টি ১৩৬ আসন পেয়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ক্ষমতাসীন দল স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি পেতে যাচ্ছে ১২২ আসন। সরকার গঠনে কিংমেকার হিসেবে ভূমিকা রাখতে পারে উগ্র ডানপন্থী ভক্স ও বামপন্থী সুমার দল। ভক্স পেয়েছে ৩৩টি আসন আর সুমার পেয়েছে ৩১টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ১৭৬ আসন।

নির্বাচনের দিনের এক সমাবেশে বর্তমান প্রধানমন্ত্রী সানচেজকে বেশ উৎফুল্ল মনে হয়েছে। তিনি বলেন, আমি মনে করি স্পেনে স্পষ্টত পশ্চাৎপদ শক্তি রয়েছে যারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। গত চার বছরে তাদের অগ্রগতি প্রতিহত করা হয়েছে। এসময় জনতা ফ্যাসিবাদ বিরোধী শ্লোগান দেয়, ‘নো পাসারান’।

 আগামী ১৭ আগস্ট পার্লামেন্টের নতুন অধিবেশন আহ্বান করার পর দুই পক্ষ সরকার গঠন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণে আমন্ত্রণ জানাবেন রাজা ষষ্ঠ ফিলিপ। দলটির নেতা আলবের্তো নুনিয়েস ফেইহোক বলেছেন, তিনি সরকার গঠনের চেষ্টা করবেন। ২০১৫ সালের নির্বাচনের পরও পিপলস পার্টির তৎকালীন নেতা মারিয়ানো রাহইকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আমন্ত্রণ জানিয়েছিলেন রাজা। কিন্তু প্রয়োজনীয় সমর্থন নেই জানিয়ে তিনি রাজার আহ্বানে সাড়া দেননি।

যদি নুনিয়েস প্রধানমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেতে ব্যর্থ হন তাহলে সানচেজকে আমন্ত্রণ জানাবেন রাজা। কিন্তু দুই প্রার্থীর কেউই যদি সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট সদস্যের সমর্থন না পান, তাহলে প্রথম নির্বাচনের দুই মাসের মধ্যে নতুন নির্বাচন করতে হবে।

 ধারণা করা হচ্ছে, উগ্র ডানপন্থী ভক্সকে নিয়ে সরকার গঠনের চেষ্টা চালাতে পারে রক্ষণশীল পিপলস পার্টি। অন্যদিকে সুমার ও অন্যান্য আঞ্চলিক দলের সমর্থন পাওয়ার চেষ্টা করবে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি। তবে সরকার গঠনের এ প্রচেষ্টার সফলতা নিয়ে সন্দিহান বিশ্লেষকেরা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি