ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মণিপুরে মহিলার শ্লীলতাহানিতে অভিযুক্ত বিএসএফ জওয়ান সাসপেন্ড


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৩, ০৪:০৭ পিএম

মণিপুরে মহিলার শ্লীলতাহানিতে অভিযুক্ত বিএসএফ জওয়ান সাসপেন্ড

মণিপুরে মহিলার শ্লীলতাহানিতে অভিযুক্ত বিএসএফ জওয়ান সাসপেন্ড

মণিপুরে একটি দোকানে ঢুকে এক মহিলার শ্লীলতাহানি করেন এক বিএসএফ জওয়ান। সেই ভিডিয়ো ভাইরাল হতেই বিএসএফ জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে। 

দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো এবং গণধর্ষণের ঘটনার নিন্দা সমালোচনায় তোলপাড় সারা দেশ। এমনকি বিশ্বের বিভিন্ন কোণ থেকেও এই ঘটনার নিন্দা করে বিবৃতি আসছে। এই প্রেক্ষিতেই মণিপুরে সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, একটি মুদির দোকানের মধ্যে এক মহিলাকে শ্লীলতাহানি করছেন এক উর্দি পরিহিত জওয়ান। জানা গিয়েছে, ওই জওয়ান বিএসএফের হেড কনস্টেবল। নাম সতীশ প্রসাদ।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, উর্দি পরিহিত সতীশ, কাঁধে ইনসাস নিয়ে ইম্ফল ওয়েস্ট জেলার একটি মুদির দোকানে ঢুকেছেন। সেখানে কেনাকাটা করছিলেন এক মহিলা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সতীশ মহিলাকে রীতিমতো ধাক্কাধাক্কি করছেন। এর পরেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। 

গত ২০ জুলাই এই সংক্রান্ত অভিযোগ জমা পড়ে বিএসএফের কাছে। সঙ্গে জুড়ে দেওয়া হয় ঘটনার সিসিটিভি ফুটেজও। তার পরেই ব্যবস্থা নেয় নিরাপত্তাবাহিনী। সাসপেন্ড করা হয় সতীশকে। তাঁকে ‘ক্লোজ অ্যারেস্ট’ করে রাখা হয়েছে বলেও বিএসএফ সূত্রে খবর। সতীশের বিরুদ্ধে ‘কোর্ট অফ এনক্যোয়্যরি’ গঠিত হবে বলেও জানা গিয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি