এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম
ডেঙ্গুতে আক্রান্ত পেস তারকা হাসান মাহমুদ
গত কিছুদিন ধরেই অসুস্থ জাতীয় দলের পেস বোলার হাসান মাহমুদ। জ্বরে ভুগছিলেন পাঁচ–ছয় দিন ধরে। জ্বরের মাত্রা এখন কিছুটা কমে এলেও শারীরিক দুর্বলতা আছে। পরশু রাতে হাসানের শারীরিক অবস্থা বুঝতে রক্ত পরীক্ষা করানো হয়। সোমবার রিপোর্ট এলে জানা যায়, ডেঙ্গু পজিটিভ হয়েছেন তিনি।
প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে কম ছিল । মঙ্গলবার আরো একবার রক্ত পরীক্ষা করানোর কথা থাকলেও কিছুটা সুস্থ বোধ করায় সেটি আর করানো হয়নি। আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র হাসান মাহমুদের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে।
এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে ৮ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের মূল অনুশীলন। তার আগে গতকাল থেকে চলছে রক্ত ও চক্ষু পরীক্ষা এবং ইসিজির মতো কিছু রুটিন মেডিকেল চেকআপ। কাল প্রথম দিনে ২০ ক্রিকেটারের স্ক্রিনিং হয়েছে। আজ হয়েছে ১২ ক্রিকেটারের। কিন্তু সঙ্গত কারণেই এখনো মাঠে আসেননি হাসান মাহমুদ।
মেডিকেল পরীক্ষা শেষে ৩ আগস্ট হওয়ার কথা ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। তবে পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত হাসানকে থাকতে হবে বিশ্রামেই। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি