এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম
ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগ থেকে সরে দাঁড়ালেন রশিদ খান
ফ্র্যাঞ্চাইজি লিগে গুলোতে স্পিন অলরাউন্ডারের চাহিদা মেটাতে সবার থেকে এগিয়ে আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। তাই বিশ্বের টি-টোয়েন্টি লিগ গুলোতে সবার আগেই দল পান তিনি। চলতি বছর আইপিএলসহ বিভিন্ন লিগ খেলে চলেছেন রশিদ। কিন্তু আগামী ৫ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে নিজের প্রস্ততি ও বিশ্রামের কথা ভেবে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেড থেকে সরে দাঁড়িয়েছেন এই স্পিন অলরাউন্ডার।
বাংলাদেশ সফরের পর আমেরিকায় গিয়েছিলেন রশিদ। এ বছর শুরু হওয়ায় মেজর লিগ ক্রিকেটে খেলেছেন এমআই নিউ ইয়র্কের হয়ে। ফাইনালে ৯ রানে ৩ উইকেট নিয়ে দলকে প্রথমবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। কিন্তু টানা ক্রিকেটে ক্লান্ত আফগান অলরাউন্ডার। তাই দ্য হান্ড্রেড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত সোমবার সন্ধ্যায় না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন রশিদ। প্রতিযোগিতার অন্যতম দল ট্রেন্ট রকেটসের হয়ে তিনটি ম্যাচ খেলার কথা ছিল তার। গতকাল শুরু হয়েছে এই টুর্নামেন্টটি।
দ্য হান্ড্রেড থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে রশিদ চোটের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, চোটের জন্য এবারের দ্য হান্ড্রেড থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছি। এ জন্য আমি সত্যিই খুব হতাশ। প্রথম দু’বছর এই প্রতিযোগিতায় খেলে দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে। ট্রেন্ট রকেটস দলটা দারুণ। আশা করছি আগামী বছর আবার খেলতে পারব।
প্রতিযোগিতা শুরুর মাত্র ১১ ঘণ্টা আগে রশিদ না খেলার সিদ্ধান্ত জানানোয় কিছুটা বিস্মিত আয়োজকেরা। ১ লাখ ২৫ হাজার পাউন্ড দিয়ে রশিদকে এবারও দলে রেখেছিল ট্রেন্ট রকেটস। তিনিই ছিলেন প্রতিযোগিতার সব থেকে দামী ক্রিকেটার। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি