এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম
সাংবাদিকদের সমালোচনার কড়া জবাব দিলেন সাবিনা খাতুন
কয়েকদিন আগেই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ক্যাম্প বয়কট করলেও অভিমান ভুলে বাফুফের কাছে এক প্রকারে হার মেনেই ক্যাম্পে ফিরেছেন জাতীয় নারী দলের ফুটবলাররা। দলের সকলে ক্যাম্পে ফিরলেও অধিনায়ক সাবিনা খাতুন ও সানজিদা আক্তার এখনও রয়েছেন ছুটিতে। সানজিদা অসুস্থ্য থাকায় যোগ দেননি ক্যাম্পে। আর অধিনায়ক কোনো কারণ জানাননি।
সাবিনার এই আচরণে প্রশ্ন তুলেছে দেশের বেশ কিছু গণমাধ্যম। এমনকি সেখানে অভিযোগও তোলা হয়েছে সাবিনার কারণে নষ্ট হচ্ছেন দলের বাকি ফুটবলাররা। এমন সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের কড়া জবাব দিলেন সাফজয়ী এই অধিনায়ক। নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে কড়া জবাব দেন সেই প্রতিবেদনের।
সাবিনা লিখেছেন, আমি ফুটবল খেলি এবং আমার সবকিছু শুধু ফুটবলকে ঘিরেই। মেয়েদের ফুটবলের শুরু থেকে এখন পর্যন্ত পাশে আছি নিঃস্বার্থভাবে। খেলার বিরতিতে কিছুদিনের ছুটি পেয়েছিলাম। বাফুফে ক্যাম্পের বাইরে যে খেলোয়াড় আছে তাদের উৎসাহিত করতে পরিবারকে সময় না দিয়ে সময় দিলাম ফুটবল কে। বাফুফে নারী ফুটবলের জন্য যে অবদান রাখছে চেষ্টা করেছি নিজের থেকে কিছুটা হেল্প করতে।
তারপর ও যেভাবে আপনারা প্রশ্নবিদ্ধ করছেন এবং ভুল ইনফরমেশন দিচ্ছেন সেটা বাংলাদেশ মহিলা ফুটবল এবং মহিলা ফুটবলারদের জন্য কতটা স্বস্তিদায়ক সেটা বিবেচনা করাও একজন সাংবাদিকের দায়িত্ব। নিউজ করলে রেটিং বাড়বে কিন্তু তাতে ভুল ইনফরমেশন দিয়ে যেভাবে নিজেদের হিরোইজম দেখাতে যেয়ে হেয় করছেন সেই বিষয়টাও ভাবার অনুরোধ রইল সকল সাংবাদিকবৃন্দের কাছে। আমরা অবশ্যই ফিরব এবং চ্যাম্পিয়নের মতোই ফিরবো ইনশাআল্লাহ তিনি যোগ করেন।
এর আগে বেতন-ভাতা বৃদ্ধি, পুরুষ ফুটবলারদের সমান সুযোগ-সুবিধাসহ ছয় দফা দাবি লিখিতভাবে বাফুফে সভাপতির কাছে জানিয়ে নেপালের বিপক্ষের দুটি প্রীতি ম্যাচ খেলে ছুটিতে গিয়েছিলেন নারী দলের ফুটবলাররা। দাবি পূরণ না হলে ক্যাম্পে ফিরবেন না বলেও জানানো হয়েছিল তাদের পক্ষ থেকে। কিন্তু দাবি-দাওয়া পূরণের আগেই ক্যাম্পে যোগ দিলেন নারী ফুটবলাররা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি