এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম
কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে করা মামলার শুনানি শুরু
ধারাবাহিকভাবে মামলাগুলোর শুনানি শুরু হয়েছে বুধবার থেকে। ভারত সরকার এবং মামলাকারীদের বক্তব্য শুনবেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। বিচারপতি চন্দ্রচূড় ছাড়াও সাংবিধানিক বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কিসান কউল, বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সূর্য কান্ত।
কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল নিয়ে কতগুলো মামলা হয়েছে তা উল্লেখ করা হয়নি আনন্দবাজারের প্রতিবেদনে। তবে কাতারভিত্তিক আল-জাজিরা সূত্রে জানা গেছে, শুনানির জন্য আবেদন জমা পড়েছে প্রায় ২০টি। এসব আবেদনকারীদের মধ্যে রয়েছে ব্যক্তি, গ্রুপ ও বিভিন্ন রাজনৈতিক দল। আবেদনগুলোতে বলা হয়েছে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলে সরকারের সিদ্ধান্ত অবৈধ ও অসাংবিধানিক।
সাংবিধানিক বেঞ্চটি এ মাসের শুরুর দিকেই গঠন করা হয়েছে। তারা অনুপুংখ সরকারি সিদ্ধান্তের বৈধতা খতিয়ে দেখবেন।
বুধবার থেকে প্রতিটি কার্য দিবসেই এই মামলার শুনানি হবে দেশের। তবে সোমবার এবং শুক্রবার অন্যান্য মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। তাই সপ্তাহের এই দু’দিন ৩৭০ ধারা মামলার শুনানি হবে না।
গত ১১ জুলাই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ২৭ জুলাইয়ের মধ্যে সব পক্ষকে তাদের আবেদন একত্রিত করে আদালতে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনও আবেদন গ্রহণ করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়।
২০১৯ সালের ৫ অগস্ট পার্লামেন্টে কেন্দ্র জানায়, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ নম্বর ধারা তুলে নেওয়া হচ্ছে। ফলে বিশেষ মর্যাদা হারায় কাশ্মীর। জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ - দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়। এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে এসব মামলা হয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি