এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৩, ০২:০৮ পিএম
বারাণসীর জ্ঞানবাপী মসজিদে পুরাতাত্ত্বিক সমীক্ষার অনুমতি হাইকোর্টের
বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ভারতীয় পুরাতত্ত্ব (আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-কে এই অনুমতি দেওয়া হয়েছে।
মসজিদ চত্বরে কোনও প্রকার সমীক্ষার বিরোধিতা করে ‘আঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’র তরফে যে আবেদন জানানো হয়েছিল, বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রীতিনকর দিবাকরের বেঞ্চ তা খারিজ করে দিয়েছে। তবে বিতর্কিত ওজুখানায় পাওয়া তথাকথিত ‘শিবলিঙ্গ’ এবং সন্নিহিত এলাকায় এখনই কোনও সমীক্ষা হবে না বলে বারাণসী জেলা আদালত গত ২১ জুলাই যে নির্দেশ দিয়েছিল, তা বহাল রেখেছে হাইকোর্ট।
পাঁচ হিন্দু নারী জ্ঞানবাপী মসজিদে দেবদেবীর মূর্তি আছে দাবি করে পুজোর অনুমতি চেয়েছিলেন ২০২১ সালে। তারই প্রেক্ষিতে বারাণসী হাইকোর্ট নির্দেশ দিয়েছিল এএসআই সমীক্ষার।
হাইকোর্টের নির্দেশে সন্তোষ প্রকাশ করে হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু জৈন বৃহস্পতিবার বলেন, ‘আমরা নিশ্চিত, এএসআই-এর পুরাতত্ত্ব বিশেষজ্ঞেরা এ বার সত্যটা প্রকাশ করবেন।’ গত ২১ জুলাই বারাণসী জেলা আদালতের সিনিয়র বিচারক অজয়কুমার বিশ্বাস হিন্দু পক্ষের আবেদন মেনে জ্ঞানবাপী মসজিদের ‘সিল’ করা এলাকার (ওজুখানা এবং ভূগর্ভস্থ জলাধারের তথাকথিত শিবলিঙ্গ) বাইরে এএসআই-কে সমীক্ষার অনুমতি দিয়েছিলেন। কিন্তু তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি।
গত ২৪ জুলাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ ৪৮ ঘণ্টার জন্য বারাণসী জেলা আদালতের নির্দেশের (জ্ঞানবাপী চত্বরে পুরাতাত্ত্বিক সমীক্ষা) উপর স্থগিতাদেশ দিয়েছিল। ওই সময়সীমার মধ্যে এ বিষয়ে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।
এএসআই বিশেষজ্ঞ দল আদালতকে জানিয়েছে, ‘গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার’-এর সাহায্যে খননের কাজ ছাড়াই সমীক্ষার কাজ চালানো যেতে পারে। তাতে ওই প্রাচীন কাঠামোর কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি