ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইস্টবেঙ্গলের জন্মদিনে আবাহনীর প্রয়াত ফুটবলার মুন্নাকে সম্মাননা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

ইস্টবেঙ্গলের জন্মদিনে আবাহনীর প্রয়াত ফুটবলার মুন্নাকে সম্মাননা

 ইস্টবেঙ্গলের জন্মদিনে আবাহনীর প্রয়াত ফুটবলার মুন্নাকে সম্মাননা

ইস্টবেঙ্গল ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম ক্লাবের একটি। বুধবার (২ আগস্ট) কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি ১০৪তম বর্ষে পদাপর্ণ করেছে। এমন উপলক্ষকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশের ৫জনকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। যার মধ্যে ৪জনই ছিলেন ফুটবল অঙ্গনের। সাবেক তিন ফুটবলারের সঙ্গে একজন ক্রীড়া সংগঠক। তারা হলেন- শেখ মো. আসলাম, প্রয়াত মোনেম মুন্না, গোলাম গাউস ও আবাহনীর হারুনুর রশিদ। আরেকজন হলেন সংগীত শিল্পী মেহরীন মাহমুদ।

বিশেষ সম্মান নেওয়ার জন্য যখন সঞ্চালক প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার পরিবারের সদস্যদের মঞ্চে আসার জন্য অনুরোধ করলেন, তখন পুত্রকে নিয়ে আস্তে আস্তে মঞ্চের দিকে হাঁটলেন মুন্না পত্নী ইয়াসমিন মোনেম। মঞ্চে উঠতেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হাততালির আওয়াজে তৈরি হল এক আবেগঘন পরিবেশ। মঞ্চে দাঁড়িয়ে থাকা দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসও হাততালি দিয়ে বাংলাদেশের মেহমানকে স্বাগত জানাচ্ছিলেন স্বতঃস্ফূর্তভাবে।

তিন দশক আগে বাংলাদেশের এই মুন্না ইস্টবেঙ্গলে খেলতে এসে এপার বাংলার ফুটবল প্রেমীদের মন জয় করে নিয়েছিলেন। ক্লাবে তার অবদানের কথা ভুলে যাননি ইস্টবেঙ্গল কর্তারা। আর ভুলে যাননি বলেই বুধবার ইস্টবেঙ্গলের ১০৪তম জন্মদিনে ইয়াসমিন, গাউস, আসলামদের সম্মানে-আবেগে ভাসালেন কর্তারা। একে একে ইয়াসমিন, গোলাম গাউস, শেখ মোহাম্মদ আসলাম, আবাহনী ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং সংগীত শিল্পী মেহরীনকে বিশেষ সম্মানে সম্মানিত করা হলো।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  
 
এনবিএস/ওডে/সি