ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বারাণসীতে জ্ঞানবাপীর জরিপ শুরু, সুপ্রিম কোর্টে মুসলিম পক্ষের আর্জির শুনানি শুক্রবার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

বারাণসীতে জ্ঞানবাপীর জরিপ শুরু, সুপ্রিম কোর্টে মুসলিম পক্ষের আর্জির শুনানি শুক্রবার

 বারাণসীতে জ্ঞানবাপীর জরিপ শুরু, সুপ্রিম কোর্টে মুসলিম পক্ষের আর্জির শুনানি শুক্রবার

 বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ভারতীয় পূরাতত্ত্ব সর্বেক্ষণের জরিপ শুক্রবার সকাল ৭টা নাগাদ পুনরায় শুরু হয়েছে। কাশী বিশ্ববিশ্বনাথ মন্দিরের একাংশ ভেঙেই ওই মসজিদ তৈরি হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে পুরাতত্ত্ব সর্বেক্ষণকে বৃহস্পতিবার জরিপের নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট।

হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মুসলিম পক্ষ। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জরুরি ভিত্তিতে আবেদন শুনবেন বলে বৃহস্পতিবারই জানিয়ে দেন।

শুক্রবার সকালেই আর্জি নিয়ে শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে। মুসলিম পক্ষের দাবি, এই জরিপ আইন বিরুদ্ধ এবং এতে মসজিদের ক্ষতি হতে পারে। যদিও এলাহাবাদ হাইকোর্ট বৃহস্পতিবারের রায়ে স্পষ্ট বলেছে, জরিপের সময় কোনও ধরনের খনন কাজ করা যাবে না। মসজিদের একটি ইটও সরানো যাবে না।

এর আগে গত ২৪ জুলাই শীর্ষ আদালত জেলা আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে মামলা এলাহাবাদ হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিল। ২৪ তারিখ দুপুরের পর জরিপ বন্ধ হয়ে যায়। শুক্রবার সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের রায়ের উপর নিজেদের অবস্থান জানাবে। তখনই স্পষ্ট হবে জরিপ চলবে নাকি চলবে না।

এদিকে, এলাহাবাদ হাইকোর্টের রায় এবং জরিপ ঘিরে বারাণসীতে হাই অ্যালার্ট জারি হয়েছে। কাশী বিশ্বনাথ মন্দির এবং জ্ঞানবাপী মসজিদ পরিসরে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ৭ অগাস্ট সোমবার পর্যন্ত। শহরে বিপুল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জরিপ চলাকালে জ্ঞানবাপীতে জুম্মার নামাজ চলবে। শহরের অন্য মসজিদ, মন্দিরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

মামলায় হিন্দুপক্ষ দাবি করে, আওরঙ্গজেব কাশী বিশ্বনাথ মন্দির ভেঙে মসজিদ তৈরি করেন। অন্যদিকে, মুসলিম পক্ষের প্রশ্ন, বিগত চারশো বছরে এই নিয়ে কোনও মামলা হয়নি। হঠাৎ এই বিবাদ খুঁচিয়ে তোলা হচ্ছে কেন?জেলা আদালতের নির্দেশে জ্ঞানবাপী মসজিদে গত ২৪ জুলাই সকাল থেকে জরিপ শুরু করেছিল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)। এই জরিপের সঙ্গেই যুক্ত হয় মুসজিদের বয়স নির্ধারণে কার্বন ডেটিং।

প্রসঙ্গত, জ্ঞানবাপীতে গত বছরও একদফা জরিপ হয়েছে। তবে সেই জরিপের দায়িত্ব দেওয়া হয়েছিল জেলা প্রশাসনকে। প্রথমবারের জরিপের সময় মসজিদের অজুখানা থেকে উদ্ধার হওয়া পাখর খণ্ড নিয়ে তীব্র বিবাদ বাধে। হিন্দু পক্ষ দাবি করে পাথর খণ্ডটি একটি শিবলিঙ্গ। অন্যদিকে, মুসলিম পক্ষের দাবি, সেটি অজুখানার ঝর্ণার মুখ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  
 
এনবিএস/ওডে/সি