ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা পাকিস্তানের প্রধানমন্ত্রীর


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

 পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

পাকিস্তানের জাতীয় পরিষদ বা পার্লামেন্ট ভেঙে দেয়ার তারিখ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আগামী ৯ আগস্ট (বুধবার) ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। পার্লামেন্ট সদস্যদের সম্মানে বৃহস্পতিবার আয়োজিত নৈশ্যভোজে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনার পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শেহবাজ শরিফ।

পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৯ আগস্ট শেহবাজ শরিফ জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার জন্য প্রেসিডেন্টের কাছে একটি আনুষ্ঠানিক পত্র পাঠাবেন। সংবিধান অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্টকে তাতে স্বাক্ষর করতে হবে। তবে যদি কোনো কারণে তিনি ওই পত্রে স্বাক্ষর না করেন, তাহলে জাতীয় পরিষদ বা পার্লামেন্ট স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে।

এর আগে ১২ আগস্টের আগেই সংসদ ভেঙে দেওয়ার কথা জানিয়েছিলেন শাহবাজ শরিফ। তিনি জানিয়েছিলেন, জাতীয় পরিষদের বিরোধী দলের নেতার সঙ্গে পরামর্শ করে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে যে তিনি সমস্ত মিত্র দল ও পাকিস্তান মুসলিম লীগের (এন) নওয়াজ শরিফের সাথেও এ বিষয়ে পরামর্শ করবেন।

শেহবাজ শরিফের সরকারের বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হবে আগামী ১২ আগস্ট। সংবিধান অনুযায়ী, এটি যদি নির্ধারিত মেয়াদ পূর্ণ করে তবে নির্বাচন হতে হবে ৬০ দিনের মধ্যে। আর যদি পার্লামেন্ট মেয়াদ শেষ হওয়ার আগে ভেঙে দেওয়া হয়, তাহলে নির্বাচন হতে হবে ৯০ দিনের মধ্যে। ফলে ৯ আগস্ট পার্লামেন্ট ভেঙে দেওয়া হলে দেশটিতে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে পার্লামেন্ট ভেঙে দেওয়ার আগে নির্বাচনকালীন প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে অবশ্য সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতা হতে হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  
 
এনবিএস/ওডে/সি