এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম
আইএসের শীর্ষ নেতা হুসেন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর হামলায় নিহত
২০২২ সালের ফেব্রুয়ারিতে জঙ্গিগোষ্ঠী ‘ইসলামিক স্টেট’ (আইএস)-এর সর্বোচ্চ নেতার দায়িত্ব নিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার আইএস প্রধানের আবু আল-হুসেন আল-হাশেমি আল-কুরেশির মৃত্যুর খবর জানানো হল তাঁরই সংগঠনের তরফে।
এক অডিও বার্তায় আইএসের মুখপাত্র বলেন, ইদলিব প্রদেশে জিহাদি সংগঠন হায়াত তাহরির আল-শামের সঙ্গে সরাসরি সংঘর্ষের পর তাঁদের নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সংগঠনটির টেলিগ্রাম চ্যানেলে আগে থেকে রেকর্ড করা বার্তাটি প্রকাশ করা হয়েছে। তবে আবু আল হুসেন আল কুরেশি কবে নিহত হয়েছেন, তা সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। তুরস্কের গুপ্তচর সংস্থা এমআইটি সমর্থিত হায়াত তাহরির আল-শাম এর আগেও আইএসের বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েছে।
গত এপ্রিলের শেষের দিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘোষণা করেন, সিরিয়ায় তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির অভিযানে সন্দেহভাজন আইএস নেতা নিহত হয়েছেন। ওই সময় এরদোয়ান বলেছিলেন, ‘সিরিয়ায় এমআইটির অভিযানে দায়েশের (আইএসের আরেক নাম) সন্দেহভাজন নেতা নিহত হয়েছেন। তাঁর সাংকেতিক নাম আবু হুসেন আল-কুরেশি।’
আইএস মুখপাত্র আবু উমর মুহাজিদ এক বিবৃতিতে সংগঠনের নয়া প্রধান হিসাবে আবু হাফস আল-হাশিমি আল-কুরেশির নামও ঘোষণা করেছেন বৃহস্পতিবার। প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে সিরিয়ায় আমেরিকা সেনার অভিযানে নিহত হয়েছিলেন তৎকালীন আইএস প্রধান আইএস প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরেশি এবং আইএস মুখপাত্র আবু হামজা আল-কুরেশি। কিন্তু তখন নিজেদের সর্বোচ্চ নেতার মৃত্যু নিয়ে মুখ খোলেনি ইসলামিক এই জঙ্গি সংগঠন। এর প্রায় এক মাস পরে এক বিবৃতিতে নিজেদের সংগঠনের নতুন নেতা হিসাবে আবু হুসেনের নাম ঘোষণা করে আইএস।
ওই ঘটনার আগে ২০১৯ সালে পেন্টাগনের একই ধরনের অভিযানে আইএসের প্রতিষ্ঠাতা তথা তাদের সর্বোচ্চ নেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যু হয়েছিল। তার পর থেকেই দলের ভার সামলাচ্ছিলেন ৪৫ বছরের শিক্ষাবিদ আবু ইব্রাহিম। এক সময়ে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের সেনাবাহিনীর সদস্যও ছিলেন তিনি। আবু ইব্রাহিমের ‘ডান হাত’ হিসাবে পরিচিত আবু হুসেন উত্তর-পূর্ব সিরিয়ার হাসাকা শহরের এক কারাগারে হামলা-সহ নানা নাশকতা অভিযানে অংশ নিয়েছিলেন বলে অভিযোগ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি