এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম
দামেস্কে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ৪ সেনা নিহত
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে এ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৪ জন আহত হয়েছে। রাত ২টা ২০ মিনিটে চালানো এই হামলায় দামেস্কে অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স সোমবার (৭ আগস্ট) এ খবর জানিয়েছে ।
সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির দিক থেকে আকাশপথে দামেস্ক নগরীর আশপাশের কয়েকটি লক্ষ্যবস্তুর ওপর এ হামলা চালান হয়। সূত্র জানায়, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি কয়েকটি ক্ষেপণাস্ত্র বাধাদান ও গুলি করে ভূপাতিত করে । অবশ্য কোনও নির্দিষ্ট ব্যক্তি বা অবকাঠামোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে কিনা তা পরিষ্কার জানা যায়নি।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল দেশটির অভ্যন্তরে শত শত বিমান হামলা চালিয়েছে। সরকারি নানা স্থাপনার পাশাপাশি মিত্র ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েল সিরিয়ায় এই ধরনের বিষয়ে সাধারণত প্রকাশ্যে কোনও মন্তব্য করে না।
ইরান সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ায় তার সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে এবং যুদ্ধবিধ্বস্ত এই দেশটির রাষ্ট্র-নিয়ন্ত্রিত বেশিরভাগ অঞ্চলেই তেহরানের উপস্থিতি বজায় রয়েছে। এমনকি ইরানের নেতৃত্বে হাজার হাজার মিলিশিয়া এবং স্থানীয় আধাসামরিক গোষ্ঠীর সদস্যরা সিরিয়ায় অবস্থান করছে বলে জানা গেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার কখনোই প্রকাশ্যে স্বীকার করেনি। তবে তারা বলেছে যে, সিরিয়ার মাটিতে শুধুমাত্র তেহরানের সামরিক উপদেষ্টা রয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি