ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতে ফুরফুরা শরীফে পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে অশান্তি, নওশাদের  বাড়িতে ভাঙচুর


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম

ভারতে ফুরফুরা শরীফে পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে অশান্তি, নওশাদের  বাড়িতে ভাঙচুর

ভারতে ফুরফুরা শরীফে পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে অশান্তি, নওশাদের  বাড়িতে ভাঙচুর

পশ্চিমবঙ্গের ফুরফুরা শরীফে পঞ্চায়েত বোর্ড গঠন করাকে কেন্দ্র করে ব্যাপক গোলযোগের সৃষ্টি হয়েছে। বিধায়ক ও পীরজাদা নওশাদ সিদ্দিকির অভিযোগ- তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। 

বৃহস্পতিবার ওই ঘটনায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ভাঙড়ের ‘আইএসএফ’  বিধায়ক নওশাদ সিদ্দিকি। ফুরফুরা পঞ্চায়েতের ২৯ টি আসনের মধ্যে ২৪ টি পেয়েছে তৃণমূল। আইএসএফ ও সিপিএম জোটের দখলে গেছে ৫ টি আসন। অভিযোগ- বোর্ড গঠনকে কেন্দ্র করে গতকাল বুধবার রাত থেকে অশান্তি চলছে হুগলির ফুরফুরায়।

এ ব্যাপারে বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, ‘গত রাত থেকে এলাকাকে উত্তপ্ত করে রেখেছে দুর্বৃত্তরা। কারা দুর্বৃত্তদের পোষে আমরা ভালো করেই জানি।  শিয়াখালায় যাওয়ার পথে আমি জানতে পারি আমার বাড়িতে পুলিশ আক্রমণ করেছে। আমার বাড়ির কাঁচ ভেঙ্গেছে। কাঁদানে গ্যাস আমার বাড়ি লক্ষ্য করে মেরেছে। আমি ফিরে এসে অতিরিক্ত পুলিশ সুপারকে জিজ্ঞাসা করলাম আমার অপরাধ কী? আমার বাড়ি লক্ষ্য করে ভাঙচুর করলেন। উনি বলেন, আপনার  লোক এসব করেছে। এ সময় তর্কবিতর্ক হয়। আমার বাড়িতে আক্রমণের বিচার চেয়ে আমি এর প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। লোকজন বেড়ে যাওয়ায় আমি অবস্থান বিক্ষোভ তুলে নিই।’ 

পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে নওশাদ সিদ্দিকি বলেন, ‘আমি কী দুর্ব্যবহার করেছি? আমি দালাল বলেছি পুলিশকে। দালালির মত কাজ করলে কী বলব। সব পুলিশকে বলিনি তো। যেটা দালাল তাকে বলেছি।’    

ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের সাবেক তৃণমূল প্রধান শামীম আহমেদ বলেন,  রাতে পঞ্চায়েত অফিসে তালা দিয়ে দেয় দুর্বৃত্তরা। তৃণমূল নেতা শামীম আহমেদের অভিযোগ,  ‘শান্ত ফুরফুরাকে অশান্ত করার চেষ্টা করছে আইএসএফ। বৃহস্পতিবার রাত থেকে এলাকায় বোমাবাজি করছে। আইএসএফ আদালতের এমন কোনও অর্ডার দেখাতে পারেনি যেখানে বলা আছে বোর্ড গঠন করা যাবে না। তবু এদিন আইএসএফ পঞ্চায়েতে তালা মেরে দেয়।

অভিযোগ- বিধায়ক নওশাদ সিদ্দিকির উপস্থিতিতে এলাকায় ব্যাপক বোমাবাজি করে আইএসএফ সমর্থকরা। পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি ও ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ। আইএসএফ সমর্থকদের ছত্রভঙ্গ করতে পাল্টা টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। পুলিশের সঙ্গে কথাকাটিতে জড়িয়ে পড়েন বিধায়ক নওশাদ। এ সময়ে তিনি পুলিশের সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ। 
     
অন্যদিকে, ফুরফুরার পীরজাদা কাশেম সিদ্দিকির অভিযোগ- ‘ফুরফুরার মানুষের রায়ে জিতেছে আইএসএফ। আর তৃণমূল গায়ের জোরে জিতেছে বলছে। প্রতিবাদে আমরা আদালতে গেছি। বোর্ড গঠনের বিষয়টি এখন বিচারাধীন। তা সত্ত্বেও জোর করে তৃণমূল এদিন বোর্ড গঠনের চেষ্টা করে। ফুরফুরার লোকেরা এর প্রতিবাদ জানায়। তখনই ফুরফুরার সাবেক প্রধান শামিম আহমেদের নেতৃত্বে লোকজন বোমাবাজি করে’ বলে অভিযোগ করেন পীরজাদা কাশেম সিদ্দিকি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি