এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম
ডাম্বুলার বিপক্ষে হারল সাকিবের গল টাইটান্স
সারাদিন আলোচনায় ছিলেন ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে। আর সেই আলোচিত মুহূর্তেই দলকে জেতাতে ব্যর্থ হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলঙ্কার টুর্নামেন্টে সাকিবদের দল হেরেছে ডাম্বুলা অরার বিপক্ষে।
শুক্রবার (১১ আগস্ট) রাত ৮টায় লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নামে ডাম্বুলা অরা ও গল টাইটান্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান করে গল। জবাবে ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ডাম্বুলা।
এ দিন ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গল। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিবও। তিনি ১৩ বলে মাত্র ১৩ রান করে সাজঘরে ফেরেন। গলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন দলটির অধিনায়ক দাসুন শানাকা। আর ডাস্বুলার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন দুশান হেমন্ত।
মাত্র ১৩৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় ডাম্বুলা। বিশেষ করে ওপেনার আভিষ্কা ফার্নান্দো দলের জয় নিশ্চিত হয়ে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত তিনি ৪৯ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন। এ দিকে ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলিংয়ে দুর্দান্ত ফর্ম উপহার দিয়েছেন সাকিব। ৪ ওভারে তিনি মাত্র ২০ রান দিয়ে তুলে নিয়েছেন ১ উইকেট। কিন্তু অল্প রানের লক্ষ্যের কারণে প্রতিপক্ষকে আটকাতে ব্যর্থ হয় তার দল।
এই ম্যাচ শেষে সাকিবদের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। ৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট মাত্র ৪। আর ডাম্বুলা ৬ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি