ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে শারজাহর উদ্দেশ্যে দেশ ছেড়েছে বসুন্ধরা কিংস


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে শারজাহর উদ্দেশ্যে দেশ ছেড়েছে বসুন্ধরা কিংস

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে শারজাহর উদ্দেশ্যে দেশ ছেড়েছে বসুন্ধরা কিংস

 এএফসি চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্ব খেলতে আজ (১২ আগস্ট) শনিবার সকাল ৯টা ৩০ মিনিটের ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে বসুন্ধরা কিংস। শারজাহ স্টেডিয়ামে ১৫ আগস্ট শারজাহ এফসির মুখোমুখি হবে তারা। প্রথমবারের মতো এই আসরে খেলে একটা নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ব্রুজনের শিষ্যরা।

বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়নস লিগের বাছাই পর্ব খেলতে যাবে কিংস। এমন একটা ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষায় ফুটবলাররা। প্রত্যাশা জয় নিয়ে নতুন এক ইতিহাস গড়ার।

শারজাহ এফসিতে আছেন বার্সার সাবেক তারকা মিরালেম পিয়ানিচ, স্প্যানিশ পাকো আল কাসার, রোমা সেন্টারব্যাক কস্তার মোনালাস। তবে চ্যালেঞ্জিং হলেও প্রতিপক্ষের চোখে চোখ রেখে জবাব দিতে প্রস্তুত কিংসরা।

ক্লাব সভাপতি ইমরুল হাসান বলেন, প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্লাব এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলতে যাচ্ছে। এটা শুধু বসুন্ধরা কিংসের জন্য নয়, বাংলাদেশের ফুটবলের জন্যও গর্বের ব্যাপার। বাংলাদেশের ফুটবল যে এগোচ্ছে, তার স্বাক্ষর বহন করছে। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে, খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করেছে। ক্লাব পরিচালনায় যারা আছি, আমরাও চেষ্টা করেছি তাদের সব ধরনের সহযোগিতা করতে। সামগ্রিক কর্মকাণ্ডের ফসল হিসেবে শারজা এফসির বিপক্ষে একটা ইতিবাচক ফলই আমরা আশা করছি। 

কিংসকে চারটি ঘরোয়া লিগ শিরোপা জেতানো, তিনটি এএফসি কাপে কোচের দায়িত্বে থাকা অস্কার ব্রুজোনও রোমাঞ্চিত নতুন চ্যালেঞ্জের আগে, তিনি বলেন, নতুন একটা টুর্নামেন্টে যাচ্ছি আমরা। জানি, বসুন্ধরা কিংসকে নিয়ে এ দেশের মানুষের অনেক প্রত্যাশা। এও জানি যে আমাদের প্রতিপক্ষ কতটা কঠিন। তারপরও বাংলাদেশের ফুটবলকে তুলে ধরতে, বসুন্ধরা কিংসকে এশিয়ান ফুটবল মানচিত্রে একটা অবস্থান তৈরি করে দেওয়ার জন্য আমরা লড়ব। 

১৫ আগস্ট বাছাই পর্বে শারজাহ এএফসির বাধা টপকাতে পারলে ইরানের ক্লাব ট্রাক্টরকে প্রতিপক্ষ হিসেবে পাবে কিংস। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি