ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বাবরকে বিশ্বসেরাদের একজন বললেন কোহলি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম

বাবরকে বিশ্বসেরাদের একজন বললেন কোহলি

বাবরকে বিশ্বসেরাদের একজন বললেন কোহলি

 বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দুই ব্যাটার বিরাট কোহলি ও বাবর আজম। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের দুই তারকা। কোহলি তো মুগ্ধ করে চলেছেন একযুগ, কয়েকবছর ধরে বাবরও করছেন ধারাবাহিক পারফরম্যান্স। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বাবরে মুগ্ধ কোহলিও। তার মতে, বর্তমানে তিন ফরম্যাটে পাকিস্তান অধিনায়কের চেয়ে এগিয়ে নেই আর কেউ। নিজেকেও এগিয়ে রাখেননি কোহলি। বলেছেন, বাবরের ব্যাটিংয়ের সময়টা দারুণ উপভোগ করেন। 

দুদেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিপাক্ষিক সিরিজ হয় না। আইসিসি ইভেন্ট বা এশিয়া কাপের মতো টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচও তেমন একটা দেখা যায় না। পাকিস্তান অধিনায়কের সঙ্গে কোহলির প্রথম পরিচয় হয়েছিল ২০১৯ বিশ্বকাপে। সেসময় বাবরের চোখে সম্মান দেখেছিলেন কোহলি। যা মনে রেখেছেন ৩৪ বর্ষী ভারতীয় মহাতারকা।

গতবছর স্টার স্পোর্টসকে সাক্ষাৎকারে কোহলি বলেছেন, ‘বাবরের সঙ্গে পরিচয়ের আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইমাদ ওয়াসিমের সঙ্গে আমার পরিচয় ছিল। পরে ২০১৯ বিশ্বকাপের সময় ইমাদ আমাকে বলেছিলেন, বাবর আমার সঙ্গে কথা বলতে চান। ওই সময় প্রথমবার আমরা একসঙ্গে বসি এবং খেলা নিয়ে অনেক কথা বলি। প্রথমদিন থেকেই আমি তার কাছ থেকে অনেক সম্মান দেখেছি, যা এখনও বদলায়নি।

আমার কাছে মনে হয় সব ফরম্যাট মিলিয়ে সে বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে একজন। তিনি নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। আমি সবসময় তার খেলা দেখা উপভোগ করি।

আইসিসি র‌্যাঙ্কিংয়েও দেখা যায় কোহলির কথার প্রতিফলন। টি-টুয়েন্টিতে তৃতীয় এবং টেস্টে চতুর্থ স্থানে আছেন বাবর। ওয়ানডেতে শীর্ষে থাকা ২৮ বর্ষী বাবরই একমাত্র ব্যাটার যিনি তিন ফরম্যাটেই শীর্ষ পাঁচে জায়গা করে রেখেছেন।

এশিয়া কাপে ২ সেপ্টেম্বর গ্রুপপর্বের ম্যাচে শ্রীলঙ্কার ক্যান্ডিতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সুপার ফোরে আরও অন্তত একবার দেখা হতে পারে বিরাট-বাবরদের। ১৪ অক্টোবর আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হবে দল দুটি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি