ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

প্রথম কোয়ালিফায়ারে হারল সাকিব-লিটনের গল টাইটানস


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম

প্রথম কোয়ালিফায়ারে হারল সাকিব-লিটনের গল টাইটানস

প্রথম কোয়ালিফায়ারে হারল সাকিব-লিটনের গল টাইটানস

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে হেরে গেছে বাংলাদেশের সাকিব আল হাসান ও লিটন দাসের দল গল টাইটানস।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ডাম্বুলা আউরার কাছে ৬ উইকেটে হেরেছে গল। কিপটে বোলিংয়ের পরও দলকে জেতাতে পারেননি সাকিব। এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়তে হবে সাকিবদের, সেখানে জিতলে ফাইনাল খেলার সুযোগ থাকবে। এলিমিনেটর ম্যাচে বি-লাভ ক্যান্ডি ও জাফনা কিংসের মধ্যকার বিজয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে।

এদিন কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে লাল-সবুজের প্রতিনিধিদের দল। ওপেনার লাসিথ ক্রসপুল্লির হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৬ রান করে গল। ৭ চারে ৬১ বলে সর্বোচ্চ ৮০ রান করেন লাসিথ। তবে তিন নম্বরে নেমে ১ চারে ৭ বলে মাত্র ৮ রান করেন লিটন।

এরপর ব্যাট করতে নেমে ৩ চারে ইনিংস বড় করার ইঙ্গিত দিচ্ছিলেন সাকিব। কিন্তু ১৭ বলে ১৯ রানে থেমে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিব ফেরার পর দাসুন শানাকার ৮ বলে ১২ রানের ইনিংস ছাড়া বলার মতো আহামরি কিছু করে দেখাতে পারেননি কেউ। শেষ বেলায় গলের ইনিংসটাকে টেনেছেন ক্রুসপুলে। ক্রুসপুল্লের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ১৪৬ রান তুলে অলআউট হয়ে যায় গল।

ডাম্বুলার হয়ে হেইডেন কর ৩ উইকেট শিকার করেন। দুটি উইকেট তোলেন নুর আহমেদ। এ ছাড়া একটি করে উইকেট নেন বিনুরা ফার্নান্দো, হাসান আলী এবং ধনঞ্জয়া ডি সিলভা।

১৪৭ রানের টার্গেটে ৩৩ রানের সূচনা পায় ডাম্বুলা। তবে আক্রমণে এসে চতুর্থ ওভারেই ডাম্বুলার উদ্বোধনী জুটি ভাঙেন সাকিব। ১৪ বলে ২৪ রান করা আবিস্কা ফার্নান্দোকে শিকার বানান সাকিব।

তিনে নামা সাদিরা সামারাবিক্রমা ছিলেন নড়বড়ে। ১৫ বলে ১৩ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন সাদিরা । শেষ পর্যন্ত কুশল পেরেরার ৩৯ বলে ৫৩ এবং কুশল মেন্ডিসের ৪৫ বলে ৪৯ রানের সুবাদে ২ বল বাকি থাকতে জয়ের স্বাদ পায় ডাম্বুলা। এই জয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠল ডাম্বুলা।

বল হাতে ৪ ওভারে ২৩ রান খরচায় এক উইকেট নেন সাকিব। এ ছাড়া গলের হয়ে একটি করে উইকেট শিকার করেন সেকুগে প্রসন্ন, তাবরিজ শামসি এবং দাসুন শানাকা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি