ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়া হলো আতাহার আলীর নাম


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়া হলো আতাহার আলীর নাম

 ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়া হলো আতাহার আলীর নাম

একেই বলে বিমাতাসূলভ আচরণ। এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে অন্যান্যদের মধ্যে ছিল বাংলাদেশের আতাহার আলী খানের নাম। আতাহার বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবং বিশ্বখ্যাত ধারাভাষ্যকার। যিনি বিশ্বকাপ সহ বহু আন্তর্জাতিক আসর এবং টেস্ট ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন। সেই আতাহারকে প্যানেল থেকে বাদ দিয়েছে টুর্নামেন্টের সম্প্রচার প্রতিষ্ঠান ভারতের স্টার স্পোর্টস চ্যানেল।

ব্যাট-বলের লড়াইয়ে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম কিংবা তাসকিন আহমেদরা মাঠের ক্রিকেটে আর ধারাভাষ্যকারদের মাঠের বাইরে প্রতিনিধিত্ব করার সুযোগ থাকে। দীর্ঘ সময় ধরে বিশ্বমঞ্চে সেই কাজটাই করে আসছেন আতাহার।

এবারের এশিয়া কাপে শুধু আতাহারই নয়, বাংলাদেশের কোন ধারাভাষ্যকারকেই এশিয়া কাপে দেখা যাবে না। স্টার স্পোর্টস চ্যানেল শ্রীলঙ্কা ও পাকিস্তানে হতে যাওয়া এশিয়া কাপের জন্য ১৯ সদস্যের ধারাভাষ্যকার প্যানেল চূড়ান্তভাবে প্রকাশ করেছে। বাংলাদেশের ম্যাচে আতাহার কিংবা শামীম আশরাফ চৌধুরি নিয়মিত ধারাভাষ্য দিলেও স্টার স্পোর্টসের প্যানেলে জায়গা মেলেনি তাদের কারও।

১৯ সদস্যের ধারাভাষ্য প্যানেলে ভারতেরই ১১ জন। রবি শাস্ত্রীর সঙ্গে তালিকায় আছেন গৌতম গম্ভীর, হরভজন সিং, ইরফান পাঠান, পিযুষ চাওলা, সঞ্জয় বাঙ্গার, সঞ্জয় মাঞ্জরেকার, মোহাম্মদ কাইফ, দীপ দাশ গুপ্ত, রজত ভাটিয়া ও আদিত্য টার। তালিকায় শাস্ত্রী ও মাঞ্জরেকার ছাড়া কারোরই অভিজ্ঞতা নেই ধারাভাষ্যের। যেটা রয়েছে আতাহারের। শাস্ত্রী ও মাঞ্জরেকার ছাড়া বাকি ৯জন সুযোগ পেয়েছেন শুধু ভারতীয় বলেই।  

প্যানেলে দ্বিতীয় সর্বোচ্চ ৪ জন পাকিস্তানের সাবেক ক্রিকেটার। তারা হলেন; ওয়াসিম আকরাম, আমির সোহেল, ওয়াকার ইউনুস ও বাজিদ খান। শ্রীলঙ্কা থেকে আছেন কেবল সাবেক অধিনায়ক মারভান আতাপাত্তু। এশিয়ার বাইরে থেকে আছেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার, অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন এবং ইংল্যান্ডের ডমিনিক কর্ক।

আগামী ৩০ আগস্ট পাকিস্তান ও শ্রীলঙ্কায় পর্দা উঠছে এশিয়া কাপের এবারের আসরের। ৫০ ওভারের এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী প্রথমবারের মতো সুযোগ পাওয়া নেপাল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ১৭ সেপ্টেম্বর কলম্বোতে হবে এশিয়া কাপের ফাইনাল।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি