ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

অস্ট্রেলিয়াকে হারিয়ে সুইডেন নারী বিশ্বকাপে তৃতীয়


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

অস্ট্রেলিয়াকে হারিয়ে সুইডেন নারী বিশ্বকাপে তৃতীয়

 অস্ট্রেলিয়াকে হারিয়ে সুইডেন নারী বিশ্বকাপে তৃতীয়  

রোববার (২০ আগস্ট) ইংল্যান্ড ও স্পেনের শিরোপা লড়াইয়ের মধ্যদিয়ে নারী বিশ্বকাপের পর্দা নামবে। এর আগে শনিবার (১৯ আগস্ট) আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলো সুইডেন। এই ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে সুইডেন।

ফিফা র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা সুইডেন এ নিয়ে চারবার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে প্রতিবারই জয়লাভ করেছে। এর আগে ১৯৯১, ২০১১ ও ২০১৯ আসরে তৃতীয় হয়েছিল তারা।

সুইডেন এবারের আগেই সেমিফাইনাল খেলেছে মোট চারবার। ২০০৩ আসরে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ ছিল স্পেন। কিন্তু প্রথমবার শেষ চারে ওঠা দলটির কাছে ১-২ গোলে হেরে যায় তারা। অপর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ওই ম্যাচে স্বাগতিকরা হেরে যায় ১-৩ গোলে।

ফাইনালের স্বপ্নভঙ্গ হওয়া দুই দল নেমেছিল তৃতীয় স্থানের জন্য। সুইডেনের খেলায় আধিপত্য ছিল স্পষ্ট। ম্যাচের ৩০ মিনিটে ফ্রিডোলিনা রোলফোর পেনাল্টিতে এগিয়ে যায় সুইডেন। ৬২ মিনিটে পরের গোলটি করেন অধিনায়ক কোসোভারে অ্যাসলানি।

সুইডেনের দুই গোলের বিপরীতে অস্ট্রেলিয়ার প্রাপ্তি কয়েকটি ভালো আক্রমণ। এর মধ্যে প্রথমার্ধের যোগ করা সময়ের ৬ এবং ম্যাচের ৭০ মিনিটে স্যাম কারের ভালো দুটি গোলের শট সুইডিশ গোলরক্ষক মুসোভিচ দারুণ দক্ষতায় রুখে দিলে গোলহীনই থাকতে হয় অস্ট্রেলিয়াকে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি