ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

জামালের আচরণে ক্ষুব্ধ শেখ রাসেল ক্রীড়া চক্র


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

জামালের আচরণে ক্ষুব্ধ শেখ রাসেল ক্রীড়া চক্র

 জামালের আচরণে ক্ষুব্ধ শেখ রাসেল ক্রীড়া চক্র

দেশের ফুটবলে হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জামাল ভূঁইয়া। শুক্রবার আর্জেন্টিনার ক্লাব সোল দে মায়োর সঙ্গে চুক্তি করেছেন তিনি। দেশ ছাড়ার আগে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে চুক্তি নবায়নের কাগজে স্বাক্ষর করে গেছেন তিনি। নতুন মৌসুমের জন্য শেখ রাসেলের সঙ্গে চুক্তি করে আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে চুক্তি নৈতিকতা বিরোধী কাজ বলেই মনে করেন ক্লাব কর্মকর্তারা। তার এমন আচরণে ক্ষুব্ধ ক্লাবের সকলেই।

গত শুক্রবার রাতে সোল দা মায়োর সঙ্গে দেড় মৌসুমের চুক্তি সম্পন্ন করেছেন বাংলাদেশ অধিনায়ক। তার আগে গত ২৭ জুলাই ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন জামাল। তবে তিনি বলেছেন, চুক্তির কাগজে লেখা তার মা-বাবার নাম, মোবাইল নম্বর ভুল এবং পাসপোর্ট নম্বরও লেখা নেই। তবে চুক্তিপত্রে সেই সকল তথ্য নিজের হাতেই পূরণ করেছেন জামাল। স্বাক্ষরও করেছেন তিনি। তবে কি পূর্বপরিকল্পিত ভাবেই এমনটা করেছেন তিনি? প্রশ্ন থেকেই যায়।

শেখ রাসেল ক্লাবের ডিরেক্টর অব ফিন্যান্স মোঃ ফখরুদ্দিন বলেন, আর্জেন্টিনা আমাদের দেশকে ভালোবাসে। সেই ভালোবাসা থেকেই তারা বাংলাদেশের একজন ফুটবলার নিতে চেয়েছে। সেই সুযোগটাই জামাল কাজে লাগিয়েছেন। তবে সে এভাবে প্রতারণা না করলেই পারতেন।

তিনি বলেন, জামাল যেতে চাইলে তো আর আমরা তাকে আটকে রাখতাম না। আমাদের দেশের ছেলে আর্জেন্টিনার ক্লাবে খেলবে এটা তো ভালো খবর। আমরা বরং তাকে সংবর্ধনা দিয়ে বিদায় দিতে পারতাম। তবে আমাদের সঙ্গে এই ধরনের প্রতারণা না করলে শেষটা আরো সুন্দর হতো।

জামালের বিষয়ে কোনও আইনি ব্যবস্থা নেয়া হবে কি না এই বিষয়ে ফখরুদ্দিন বলেন, এখনো আমাদের কাছে কোনো কাগজ আসেনি। যদি আমাদের কাছে কোনো কাগজ আসে, তখন আমরা চিন্তা করব আসলে আদালতে যাওয়া উচিত, নাকি ছাড় দেওয়া উচিত। তবে এটুকু বলব, সে একজন প্রতারক। চুক্তির কাগজে সে কিন্তু নিজ হাতে তার নাম, বাবা, মায়ের নাম এবং মোবাইল নম্বর লিখেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি