এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম
ম্যানচেস্টার ইউনাইটেডকে দুই গোলে হারালো টটেনহ্যাম
দীর্ঘ বিরতির পর শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। জয় দিয়ে মৌসুম শুরু করলেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার দিবাগত রাতে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে হেরে গেছে ম্যানচেস্টারের ক্লাবটি।
এদিন ঘরের মাঠে শুরুতেই বেশ গোছানো ফুটবল খেলতে থাকে টটেনহ্যাম। জবাবে রক্ষণ আগলে রেখে পাল্টা আক্রমণ শানানোর চেষ্টা করে ম্যানইউ। ১৫তম মিনিটের মাথায় প্রথম সুযোগটা পান মার্কাস রাশফোর্ড। তবে তার শট রুখে দেন স্পার্স গোলরক্ষক।
ম্যাচের ৪০তম মিনিটে ভালো একটা সুযোগ পেয়েছিল টটেনহ্যাম। স্প্যানিশ ডিফেন্ডার পেদ্রো পোরোর শট পোস্টে লাগার পর ফিরতি বল ধরে জোরালো শট নেন পাপা মাতার সার। কিন্তু লুক শ’য়ের গায়ে লেগে ফের পোস্টে বাধা পায় বল।
বিরতির পর দুই দলই প্রিমিয়ার লিগের আসল ঝাঁঝটা বুঝাতে থাকে। তাতে ৪৮তম মিনিটে মাতার সারের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। এই গোলে অবশ্য কিছুটা ভাগ্যের সহায়তাও ছিল।
এদিন ভাগ্যও রেড ডেভিলদের সহায়ক ছিল না। যে কারণে টটেনহ্যামের দ্বিতীয় গোলটা আসে আত্মঘাতী হয়ে। ৮৩তম মিনিটে ইভান পেরিসিচের পাস ছুটে এসে ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে ঠেলে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ।
এই হারে পয়েন্ট তালিকার ১০ নম্বরে নেমে গেল ম্যানইউ। দুই ম্যাচে ১ জয় ও ১ ড্র নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। এদিকে ২ ম্যাচ খেলে সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে ব্রাইটন। ম্যানসিটির অবস্থান দুইয়ে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি