এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম
মোহনবাগানের বিপক্ষে প্লে-অফ খেলতে কলকাতায় পৌঁছে ঢাকা আবাহনী
গত ১৬ আগস্ট সিলেট জেলা স্টেডিয়ামে মালদ্বীপের ক্লাব ঈগলসকে ২-১ গোলে হারিয়ে এএফসি কাপের প্লে-অফে উঠেছে ঢাকা আবাহনী। মোহনবাগানকে হারাতে পারলে জায়গা করে নিতে পারবে গ্রুপপর্বে। ভারতের জায়ান্টদের বিপক্ষে প্লে-অফ ম্যাচ খেলতে কলকাতা পৌঁছেছে আবাহনী ফুটবল দল।
সোমবার সকালে দুই ভাগে ভাগ হয়ে ২৭ জন ফুটবলার গেছেন কলকাতায়। সকাল সাড়ে ৭টায় ও দুপুর সাড়ে ১২টার ফ্লাইটে আবাহনী ফুটবল দলের সদস্যরা কলকাতায় যান।
জ্বর ও ইনজুরির কারণে তিন ফুটবলার দলের সঙ্গে কলকাতা যেতে পারেননি। তারা হলেন প্রীতম, আলমগীর ও রেজাউল রেজা।
কলকাতা থেকে আবাহনী ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় আবাহনী বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন করবে। আগামীকাল স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ওই ভেন্যুতেই মোহনবাগানের মুখোমুখি হবে আবাহনী।
গত বছর এএফসি কাপের কোয়ালিফাইং প্লে-অফে এই মোহনবাগানের বিপক্ষেই খেলা পড়েছিল আবাহনীর। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্বাগতিক দলের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা। সূত্র: ঢাকা পোস্ট
এএফসি কাপে আবাহনী ও মোহনবাগান চতুর্থবার মুখোমুখি হচ্ছে। আগের তিনবারের সাক্ষাতে মোহনবাগান ২ বার জিতেছে ৩-১ গোলে, এক ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি