এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম
ইসরাইলে হামলা চালাতে সক্ষম ‘ড্রোন’ উন্মোচন করল ইরান
ইসরাইলে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন একটি ড্রোন উন্মোচন করেছে ইরান। মঙ্গলবার (২২ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ‘মোহাজের-১০’ নামের নতুন ড্রোনটি তেহরানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উপস্থিতিতে ইরানের প্রতিরক্ষা বিভাগ দিবসের অনুষ্ঠানে উন্মোচন করা হয়। এ ড্রোনটি ‘মোহাজের-৬’-এর একটি উন্নত সংস্করণ।
এটি উন্নত অস্ত্র ক্ষমতাসহ অধিকতর উচ্চতায় ও দীর্ঘ সময়ের জন্য উড়তে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, নতুন ড্রোনটি ৭ হাজার ফুট উচ্চতায় ও ২ হাজার কিলোমিটারের পরিচালন পরিসীমাসহ সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত উড়তে পারে। ইরান থেকে ইসরাইলের দূরত্ব প্রায় ২ হাজার কিলোমিটার। যার অর্থ এটি ইসরাইলের লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম।
ড্রোনটি ঘণ্টায় ২১০ কিলোমিটার গতিতে ভ্রমণ করতে পারে। এটি হালনাগাদ ইলেকট্রনিক ও ইন্টেলিজেন্স ব্যবস্থায় সজ্জিত। পাশাপাশি মনুষ্যবিহীন ড্রোনটি ৩০০ কেজি ওজন পর্যন্ত ভার বহনে সক্ষম, যা আগের মডেলের তুলনায় দ্বিগুণ। এই ড্রোনটি ‘সব ধরনের বোমা ও গোলাবারুদ’ বহনেও সক্ষম।
মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে মোহাজের-৬ বিক্রি করার অভিযোগ এনেছে। তবে তেহরান বরাবরই সে অভিযোগ অস্বীকার করেছে। পশ্চিমা সরকারগুলো সাম্প্রতিক মাসগুলোতে অস্ত্র বিক্রির অভিযোগে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি