ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আবারো মেয়ে সন্তানের মা হলেন সেরেনা উইলিয়ামস


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

আবারো মেয়ে সন্তানের মা হলেন সেরেনা উইলিয়ামস

 আবারো মেয়ে সন্তানের মা হলেন সেরেনা উইলিয়ামস

আবারো মা হলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি নারী টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই কথা জানিয়েছেন তিনি।

প্রথমবারের মতো এবারো সেরেনার ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। নাম রেখেছেন আদিরা রিভার ওহানিয়ান। বড় মেয়ে অলিম্পিয়া ওহানিয়ানের ইনস্টাগ্রামে সদ্যোজাতের ছবি দেখা গিয়েছে।

অলিম্পিয়ার জন্মের প্রায় ছ’বছর পরে সেরেনার দ্বিতীয় সন্তানের জন্ম হলো। তার স্বামী অ্যালেক্সিস লিখেছেন, আমাদের বাড়ি এখন ভালবাসায় পরিপূর্ণ। মা এবং সদ্যোজাত মেয়ে দু’জনেই সুস্থ আছে।

প্রসঙ্গত, অলিম্পিয়ার জন্মের সময় অন্তঃসত্ত্বা থাকা অবস্থাতেই কোর্টে নেমে ট্রফি জিতেছিলেন সেরেনা। কিন্তু পরের সন্তানের ক্ষেত্রে সেই ঝুঁকি নেননি তিনি।

গত বছরের ইউএস ওপেনের সময়ই সিদ্ধান্ত নেন পেশাদার টেনিসজীবন থেকে সরে দাঁড়াবেন। টেনিসের বাইরে তার জীবন কেমন হতে চলেছে সেই প্রস্তুতি শুরু করে দেন।
এ বছরের মে মাসে নিউইয়র্কের একটি অনুষ্ঠানে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। তখন থেকেই অপেক্ষার প্রহর গোণা শুরু হয়েছিল।

বর্ণাঢ্য টেনিস ক্যারিয়ারে মোট ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সেরেনা। আর একটি জিতলেই মার্গারেট কোর্টের রেকর্ড স্পর্শ করতে পারতেন।

কিন্তু ২৩তম ট্রফি জেতার পর চারবার ফাইনালে উঠেও জিততে পারেননি। তাতে কি? নারী টেনিসে সেরেনা কিংবদন্তি। এবার অনেকে তাকে জিএমওএটি’ বা ‘গ্রেটেস্ট মাদার অফ অল টাইম’ বলেও অভিহিত করেছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি