এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৩, ১২:০৮ পিএম
যুজবেন্দ্র চাহাল এশিয়া কাপের দলে নেই, ইঙ্গিতপূর্ণ বার্তা স্ত্রীর
আগামী ৩০ আগস্ট থেকে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। ইতোমধ্যে এই টুর্নামেন্টের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। ১৭ সদস্যের সেই দলে জায়গা হয়নি লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ডাক পেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। দলে ক্রমাগত উপেক্ষিতই হচ্ছেন এই স্পিনার। এদিকে, এশিয়া কাপের দলে চাহাল জায়গা না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন চাহালের স্ত্রী ধনশ্রী বর্মা।
এশিয়া কাপের দল ঘোষণার পর দলে সুযোগ না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছিল চাহালও। তবে সেটা ছিল অনুপ্রেরণাদায়ক। তবে চাহালের স্ত্রী ইনস্টাগ্রামে যে পোস্ট দিয়েছেন সেটি যে ইঙ্গিতপূর্ণ তা এক প্রকার নিশ্চিতই। তিনি এই পোস্টের মাধ্যমে একটি তীক্ষ্ণ প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন।
ইনস্টাগ্রামের স্টোরিতে চাহালের স্ত্রী লিখেন, এবার আমি এই বিষয়ের উপর যথেষ্ট গভীর প্রশ্ন তুলতে শুরু করেছি। একটু বেশি বিনয়ী কিংবা ইন্ট্রোভার্ট হওয়া কি উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে? নাকি জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের প্রত্যেককেই এক্সট্রোভার্ট এবং স্মার্ট হওয়া দরকার?
আসন্ন এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার পর চাহালের স্ত্রীই যে সর্বপ্রথম নেট দুনিয়ায় প্রতিবাদ জানিয়েছেন তা নয়। এর আগে, বাংলাদেশ দল থেকে রিয়াদ বাদ পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন মুশফিকের স্ত্রী।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি