ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ব্রিটিশ মিউজিয়ামের চুরি যাওয়া কিছু নিদর্শন উদ্ধার, পরিচালকের পদত্যাগে অচলাবস্থা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

ব্রিটিশ মিউজিয়ামের চুরি যাওয়া কিছু নিদর্শন উদ্ধার, পরিচালকের পদত্যাগে অচলাবস্থা

 ব্রিটিশ মিউজিয়ামের চুরি যাওয়া কিছু নিদর্শন উদ্ধার, পরিচালকের পদত্যাগে অচলাবস্থা

বছরের পর বছর ধরে হুইসেলব্লোয়াররা সতর্ক করলেও কোনোভাবেই চুরি ঠেকাতে পারছে না মিউজিয়াম কর্তৃপক্ষ। ব্রিটিশ মিউজিয়াম থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া প্রায় দুই হাজারেরও বেশি ঐতিহাসিক নিদর্শন উদ্ধারে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন পরিচালক হার্টউইগ ফিশার। একইসঙ্গে দায়িত্ব থেকে সাময়িক ইস্তফা দিয়েছেন তার ডেপুটি জোনাথন ইউলিয়ামসও। শেষ পর্যন্ত দুই শীর্ষ কর্মকর্তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় তৈরি হয়েছে আরও অচলাবস্থা।

 ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ জানিয়েছে, পরিচালক হিসেবে সাত বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন হার্টউইগ ফিশার। তিনি বলছেন, ‘‘চুরির বিষয়ে ‘মিউজিয়াম সর্বসম্মতভাবে সাড়া দেয়নি’, যেটি ২০২১ সালে তথ্য-প্রমাণের নথিপত্র দাখিলের সময় করা উচিত ছিল।”

ফিশারের পদত্যাগের ঘোষণার তিন ঘণ্টা পর উইলিয়ামস জানান, ওই ঘটনায় ব্রিটিশ মিউজিয়ামের চেয়ারম্যান জর্জ অসবোর্ন নির্দেশিত স্বাধীন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্বেচ্ছায় তিনি স্বাভাবিক দায়িত্ব থেকে বিরত থাকবেন।

তবে, সর্বশেষ খবর অনুযায়ী ব্রিটিশ মিউজিয়াম কর্তৃপক্ষ চুরি যাওয়া কিছু কিছু নিদর্শন উদ্ধার করতে সক্ষম হয়েছে। মিউজিয়ামের চেয়ারম্যান জর্জ অসবোর্ন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক চ্যান্সেলর অসবোর্ন মিউজিয়ামের সুনাম নষ্ট হওয়ার কথা স্বীকার করে বিবিসিকে বলেন, ‘উদ্ধার কাজের মধ্য দিয়ে আমরা এর গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনার পথে রয়েছি। যদিও আমাদের অনেক কাজই বাকি রয়েছে।’ অসবোর্ন ২০২১ সালের জুন মাসে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

 অসবোর্ন আরো বলেন, সৎ লোকজন অবশ্যই চুরি যাওয়া নিদর্শন খুঁজে পেলে ফেরত দেবেন, তবে অন্যরা সেটা নাও করতে পারেন।

 মিউজিয়ামের একজন কর্তকর্তা ওই চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাসপেন্ড হয়েছেন।

ব্রিটেনের অন্যতম গৌরবময় সাংস্কৃতিক প্রতিষ্ঠান এই মিউজিয়ামটি। যেখানে খৃষ্টপূর্ব  ১৫ শতক থেকে খৃষ্টাব্দ ১৯ শতকের বিভিন্ন নিদর্শন জমা রয়েছে।

১৭৫৩ সালে ব্রিটিশ মিউজিয়ামটি প্রতিষ্ঠিত হয়। যেখানে বর্তমানে প্রায় আশি লাখ নিদর্শন রয়েছে। তবে ২০১৯ সালে মাত্র ৮০ হাজার নিদর্শন সকলের জন্য উম্মুক্ত করা হয়। বাকি সব নিদর্শন স্টোরে রাখা আছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি