এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৩, ০৬:০৮ পিএম
ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে পাকিস্তান, সাতে বাংলাদেশ
আফগানিস্তানকে হোয়াইটওয়াশের মাধ্যমে অস্ট্রেলিয়াকে হটিয়ে ক্রিকেটের অভিভাবক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাংকিংয়ের এক নম্বরে উঠে এসেছে পাকিস্তান। সাত নম্বরে রয়েছে বাংলাদেশ।
বর্তমানে ওয়ানডে ক্রিকেটের অন্যতম ধারাবাহিক দল পাকিস্তান। কিছুদিন পরই এশিয়া কাপে লড়তে মাঠে নামবে তারা। এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মঞ্চে মাঠে নামার আগে বড় একটি সুখবর পেয়েছে দলটি। আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজ শেষে ৫০ ওভারের ক্রিকেটে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে তারা।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই পাকিস্তানের সামনে র্যাংকিংয়ের এক নম্বরে ওঠার হাতছানি ছিল। সেজন্য আফগানদের হোয়াইটশ করার বিকল্প ছিল না। সেটাই তারা করতে পেরেছে।
শনিবার (২৬ আগস্ট) শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আফগানিস্তানকে ৫৯ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় পাকিস্তান।
র্যাংকিং অনুযায়ী, পাকিস্তান ও অস্ট্রেলিয়া দুই দলেরই রেটিং সমান ১১৮। তবে অস্ট্রেলিয়ার (২,৭১৪) চেয়ে ১১ পয়েন্ট বেশি থাকায় শীর্ষস্থান দখল করে বাবর আজমের দল।
র্যাংকিংয়ের তৃতীয় অবস্থানে রয়েছে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আয়োজক ভারত। ভারতীয়দের সংগ্রহ ১১৩ রেটিং ও ৪,০৮১ পয়েন্ট। এরপরের দুই অবস্থানে যথাক্রমে রয়েছে গত ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিউজল্যান্ড ও ইংল্যান্ড।
বর্তমানে ওয়ানডে র্যাংকিংয়ের ছয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৯৫ রেটিং ও ২,৬৮১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান সাতে। ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ দশে তাদের পরে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
আসন্ন এশিয়া কাপে নেপাল ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে পাকিস্তান। মুলতানে আগামী ৩০ আগস্ট এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাবররা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে এরপর শ্রীলঙ্কায় উড়াল দেবে তারা। ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি