ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতীয় বিমান বাহিনীর বহরে নতুন ১০০টি অত্যাধুনিক যুদ্ধবিমান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

ভারতীয় বিমান বাহিনীর বহরে নতুন ১০০টি অত্যাধুনিক যুদ্ধবিমান

 ভারতীয় বিমান বাহিনীর বহরে নতুন ১০০টি অত্যাধুনিক যুদ্ধবিমান

গত ছয় দশক ধরে ভারতীয় বিমান বাহিনীর বহরে মিগ যুদ্ধবিমান ছাড়া সেভাবে উল্লেখযোগ্য পরিমাণে কোনো যুদ্ধযান ছিলোনা। এছাড়া মিগ নিয়ে বিভিন্ন নেতিবাচক অভিজ্ঞতাও আছে দেশটির। এর আগে একাধিকবার ক্রাশ করার ঘটনা ঘটেছে এই মিগ যুদ্ধবিমান নিয়ে।

তাই এবার মিগের পরিবর্তে তেজস যুদ্ধবিমান বিমানবাহিনীর হাতে তুলে দেয়ার কাজ কিছুদিন আগেই শুরু হয়েছে। এবার পাওয়া যাবে অত্যাধুনিক প্রযুক্তির তেজস মার্ক ওয়ান-এ যুদ্ধবিমান। এই বিমান তৈরির দায়িত্ব দেয়া হয়েছে ভারতীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনেটিক্যাল লিমিটেড বা হ্যালকে।

মোট ১০০টি তেজস মার্ক ওয়ান-এ তৈরির বরাত দেয়া হয়েছে হ্যালকে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে এই তথ্য জানানো হয়েছে।

বিমান বাহিনীর পক্ষে জানানো হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে সব মিলিয়ে ৩০০টি তেজস যুদ্ধবিমান কেনা হবে। বস্তুত, ২০২১ সালে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি ৮৩টি তেজস কেনার অনুমতি দিয়েছিল। তখন থেকেই তেজসের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

তেজসের ৬৫ শতাংশ যন্ত্রাংশ ভারতে তৈরি। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিমান চীনের জেএফ-১৭ যুদ্ধবিমানের সাথে তুলনীয়। এই বিমানে অস্ত্র নামের ক্ষেপণাস্ত্র রাখা যাবে। এ ছাড়া মাঝ আকাশে তেল ভরা, এএসআই বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড রাডার থাকবে এই বিমানে। ভারতের বাইরে মালয়েশিয়া এই বিমান কেনার জন্য ভারতের সাথে যোগাযোগ করেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি