ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বহির্বিশ্বে ভারতের প্রতি মানুষের ইতিবাচক ধারণা কমছে: পিউ রিসার্চের সমীক্ষা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

বহির্বিশ্বে ভারতের প্রতি মানুষের ইতিবাচক ধারণা কমছে: পিউ রিসার্চের সমীক্ষা

 বহির্বিশ্বে ভারতের প্রতি মানুষের ইতিবাচক ধারণা কমছে: পিউ রিসার্চের সমীক্ষা

ভারতের নয়াদিল্লিতে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার ঠিক আগে যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টার এই সমীক্ষা প্রকাশ করল।

ভারত ছাড়া আরও ২৩টি দেশের ৩০ হাজার ৮৬১ প্রাপ্তবয়স্ক মানুষের সঙ্গে কথা বলে তাঁদের মতামতের ভিত্তিতে এই সমীক্ষা প্রস্তুত করা হয়েছে। ২৯ আগস্ট মঙ্গলবার ওই সমীক্ষার ফল ঘোষণা করা হয়। সমীক্ষা চালানো হয়েছে এ বছরের ২০ ফেব্রুয়ারি থেকে ২২ মে পর্যন্ত।

২৩টি দেশের ৪৬ শতাংশ গড় প্রাপ্তবয়স্ক মানুষ ভারত সম্পর্কে ভালো ধারণা পোষণ করেন। আর ৩৪ শতাংশ তা মনে করেন না। এসব দেশের মধ্যে ভারত সম্পর্কে সব দিক থেকে সবচেয়ে ভালো ধারণা ইসরায়েলের।  

জরিপে দেখা গেছে, ৬৮ শতাংশ প্রাপ্তবয়স্ক ভারতীয় বহির্বিশ্বে ভারতের প্রভাব বাড়ছে বলে বিশ্বাস করেন। তবে পৃথিবীর অন্য ১৯টি দেশের মাত্র ২৮ শতাংশ শর প্রাপ্তবয়স্ক মানুষ এই বিশ্বাসের সঙ্গে একমত।

একইভাবে ভারতের ৭৯ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মনে করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠিকমতো কাজ করছেন। তাঁর প্রতি তাঁরা আস্থাশীল। কিন্তু ১২টি দেশের মাত্র ৩৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের গড় ধারণা তেমন। এসব দেশের ৪০ শতাংশ মানুষ মোদি সম্পর্কে আস্থাহীনতা প্রকাশ করেছেন।

সমীক্ষায় দেখা যাচ্ছে, বহির্বিশ্বের অধিকাংশ দেশে ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাবের লেখচিত্র ক্রমেই কমে যাচ্ছে।

নরেন্দ্র মোদির ‘নতুন ভারত’-এর পক্ষে চিন্তার বিষয় এটাই যে ভারত সম্পর্কে ইতিবাচক ধারণা অধিকাংশ দেশে দ্রুত কমে যাচ্ছে। যেমন ফ্রান্স। ২০০৮ সালে ওই দেশের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ভারত সম্পর্কে ইতিবাচক মতামত দিতেন। ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ৩৯ শতাংশে! জার্মানিতে ২০০৮ সালে ৬০ শতাংশের চোখে ভারত অনুকূল ছিল, এখন সেটা কমে হয়েছে ৪৭ শতাংশ। যুক্তরাজ্যের ৬৬ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ভারতকে ভালো চোখে দেখেন। ৫২ শতাংশ ইতালীয়ও তা-ই। কিন্তু নেদারল্যান্ডস, স্পেন ও গ্রিসের অধিকাংশের ধারণা প্রতিকূল।

যুক্তরাষ্ট্র সম্পর্কে ২৩টি দেশের গড় ধারণা যা, ভারতীয়দের ধারণা তার চেয়ে ভালো। ৬৫ শতাংশ ভারতীয় যুক্তরাষ্ট্রকে অনুকূল দৃষ্টিতে দেখেন। রাশিয়ার প্রতি ভারত ঐতিহাসিকভাবেই নির্ভরশীল। দ্বিপক্ষীয় সম্পর্কও খুবই ভালো। তার প্রতিফলনও ঘটেছে এই সমীক্ষায়। ৫৭ শতাংশ প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকের রাশিয়া সম্পর্কে ধারণা ইতিবাচক।

‘কোয়াড’-এর অন্যতম শরিক দেশ ভারত। অন্য তিন সদস্যদেশের মধ্যে ৫১ শতাংশ মার্কিন, ৫৫ শতাংশ জাপানি ও ৫২ শতাংশ অস্ট্রেলীয় ভারতকে সুনজরে দেখেন। দক্ষিণ আফ্রিকার জনগণের মাত্র ২৮ শতাংশের মনোভাব ভারত সম্পর্কে ইতিবাচক।

ভারতীয়দের কাছে সবচেয়ে অপছন্দের দুই দেশ হলো পাকিস্তান ও চীন। পাকিস্তান সম্পর্কে ৭৩ শতাংশ ভারতীয়র ধারণা প্রতিকূল, চীনের ক্ষেত্রে সেই হিসাব ৬৭ শতাংশ।

ভারত ছাড়া সমীক্ষা চালানো হয় যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, পোল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, হাঙ্গেরি, স্পেন, গ্রিস, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ইসরায়েল, কেনিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, ব্রাজিল ও আর্জেন্টিনায়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি