এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম
‘ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে মুম্বাইতে মমতা, নির্বাচনে ৩ অঙ্কের সংখ্যায় পৌঁছবে না বিজেপি’
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ বা ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে যোগ দিতে মুম্বাইতে গেছেন।
বুধবার বিকেলে তিনি মুম্বাইতে পৌঁছান। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আয়োজনে গত ২৩ জুন পাটনায় ২৬ দলীয় জোট ‘ইন্ডিয়া’র প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ১৭/১৮ জুলাই কংগ্রেসের ব্যবস্থাপনায় কর্ণাটকের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বৈঠক। এবার মহারাষ্ট্রের মুম্বাইতে ২৮টি দলের প্রতিনিধিদের উপস্থিতিতে বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠক। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটকে (এনডিএ) পরাজিত করতে এই জোট করা হয়েছে। এ নিয়ে বিরোধী জোট ক্রমাগত রণকৌশল তৈরি করছে।
আসন্ন সাধারণ নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রভাব এবং বিজেপির সম্ভাব্য অবস্থান সম্পর্কে পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘খুব নিশ্চিতভাবে বিজেপি এবার তিন সংখ্যা অতিক্রম করার অবস্থায় নেই। সেটা বিজেপি নেতৃত্ব খুব ভালোভাবে জানেন। ‘ইন্ডিয়া’ জোট খুব শক্তিশালীভাবে এগিয়ে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাইতে গেছেন। ইন্ডিয়া জোটের নেতৃত্ব মুম্বাইতে মিলিত হতে চলেছেন বৃহস্পতিবার। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির প্যানিক প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। নরেন্দ্র মোদি থেকে, অমিত শাহ থেকে সবাই ইন্ডিয়া জোট নিয়ে চিন্তিত। ইন্ডিয়া জোটের নেতৃত্বকে আক্রমণ শুরু হয়ে গেছে। বিজেপি যে অঙ্ক কষছে, তাদের অঙ্ক এমনিতেই মিলবে না। ফলে আসন্ন নির্বাচনী ফলে বিজেপি তিন অঙ্কের সংখ্যায় পৌঁছতে পারবে না।’
এদিকে, ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে এ প্রসঙ্গে বলেছেন, আমাদের আদর্শ আলাদা তবে আমাদের লক্ষ্য একটাই। উদ্ধব ঠাকরে বলেন, সবাই একনায়কত্ব এবং মিথ্যাচারের বিরুদ্ধে একত্রিত এবং আমাদের কারণেই কেন্দ্রীয় সরকার গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে। বিজেপিকে লক্ষ্য করে ঠাকরে আরও বলেন, বিজেপিকে বাঁচানোর কেউ নেই। উন্নয়নের পাশাপাশি আমরা বিজেপি থেকে মুক্তি চাই বলেও মন্তব্য করেন শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি