ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

লালু যাদবের বাড়িতে খাসির মাংস রান্না রাহুলের!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম

লালু যাদবের বাড়িতে খাসির মাংস রান্না রাহুলের!

 লালু যাদবের বাড়িতে খাসির মাংস রান্না রাহুলের!

আগেরবার রাহুল গান্ধীকে রান্নার টিপস দিয়েছিলেন। এবার একেবারে নিজে হাতে রাহুলকে খাসির মাংস রান্না করা শেখালেন লালুপ্রসাদ যাদব। লালুর বাড়িতে গিয়ে নিজে হাতে রান্না করেন রাহুল। তাঁকে সাহায্য করেন লালু ও তাঁর মেয়ে মিসা ভারতীও।

তবে বাঙালিরা যেভাবে ‘মাটন’ রাঁধেন, সেরকমভাবে খাসির মাংস রাঁধেননি। বরং বিহারের ঐতিহ্যবাহী ‘চম্পারণ স্পেশাল মাটন’ রাঁধেন। তারপর লালু যাদবের বাসভবনেই খান কংগ্রেস নেতা এবং বোন প্রিয়াঙ্কা গান্ধীর জন্য নিয়ে যান।

সেই পুরো রান্না ও খাওয়া-দাওয়া পর্বের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে কংগ্রেস।

সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঝিরঝিরে বৃষ্টির মধ্যে রাহুলকে নিজ বাড়িতে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান স্বয়ং লালু যাদব। তারপর সোজা ‘চম্পারণ স্পেশাল মাটন’ রান্নার দিকে নজর দেন তাঁরা। লালু যাদব জানান যে বিহার থেকে ছাগল আনা হয়েছে। তা দিয়েই রান্না করা হচ্ছে।

তারপর বিভিন্ন মশলা, আদা-রসুন মাখা দিয়ে মাংস ‘ম্যারিনেট’ করার প্রক্রিয়া শুরু হয়। কোন মশলা কতটা দিতে হবে, তা একেবারে বলে দেন লালু যাদব। সেইমতো সব মশলা ও অন্যান্য সামগ্রীর সঙ্গে মাংসটা ভালোভাবে মাখিয়ে নেন রাহুল। তারপর ঢেলে দেন হাঁড়িতে।

রাজনৈতিক মহলে খাদ্যরসিক হিসেবে পরিচিত লালু যাদব কবে রান্না করতে শিখেছেন, তা জানতে চান কংগ্রেস নেতা। লালু জানান, ষষ্ঠ বা সপ্তম শ্রেণিতে পড়ার সময় যখন পাটনায় দাদাদের কাছে এসেছিলেন, তখন রান্না করতে শিখেছিলেন।

রুটি দিয়ে স্পেশাল খাসির মাংস খান কংগ্রেস নেতা। তারই ফাঁকে রাজনৈতিক কথাবার্তাও হয়। হালকা মেজাজেই বিজেপিকে আক্রমণ শানান রাহুলরা।

সেইসঙ্গে রাহুল জানান, বোন প্রিয়াঙ্কা বলেছেন যে অতি অবশ্যই যেন লালুর বাড়ি থেকে ‘চম্পারণ স্পেশাল মাটন’ নিয়ে যাওয়া হয়। সেইমতো প্রিয়াঙ্কার জন্য ‘চম্পারণ স্পেশাল মাটন’ পাঠিয়ে দেন লালু যাদব। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি