এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০৯ পিএম
টাইফুনের আঘাতে আহত ৪০, বিদ্যুৎবিহীন ৩০ হাজার পরিবার
তাইওয়ানের পূর্ব এবং দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে টাইফুন হাইকুই। রোববার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে এই টাইফুনটি ভূখণ্ডটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে এটি আঘাত হানে।
ক্ষতিগ্রস্ত এলাকার শহর ও কাউন্টিগুলোতে স্কুল এবং দোকানপাট বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করতে কাজ করছে তাইওয়ানিজ কর্তৃপক্ষ। রোববারের মতো সোমবারও তাইওয়ানে বহু অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। তাইওয়ানের এয়ারলাইন্স সোমবার ১৮৯টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করে।
গত ৪ বছরের মধ্যে তাইওয়ানে সরাসরি আঘাত করা প্রথম টাইফুন হাইকুই। পরে টাইফুনটি দ্বীপের দক্ষিণ অংশে চলে যায়। টাইফুনের প্রভাবে সোমবারও রাজধানী তাইপেইতে বিক্ষিপ্তভাবে দমকাসহ বৃষ্টি হয়। তাইওয়ানের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, টাইফুনের আঘাতে ৪০জন আহত হয়েছে।
এছাড়া তাইওয়ানের আশপাশের দ্বীপগুলোতে ফেরি পরিষেবাও স্থগিত করা হয়েছে। সিভিল অ্যারোনটিক্স অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, তাইওয়ানের আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে ব্যাঘাত ঘটেছে কম। শক্তিশালী এই টাইফুনের কারণে ভূখণ্ডটিতে শুধুমাত্র ২৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার ব্যুরো জানিয়েছে, সোমবার সকাল থেকে হাইকুই তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে চীনের দিকে যেতে শুরু করেছে। তবে এই টাইফুনের প্রভাবে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত তাইওয়ানজুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
এদিকে টাইফুন হাইকুইয়ের জেরে সোমবার ভোরে চীনের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চীনের উপকূলীয় প্রদেশ ফুজিয়ান ও গুয়াংডংয়ের আশপাশে প্রবল বাতাস ও বিশাল ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে এবং সমুদ্রে চলাচলরত জাহাজগুলোকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি