এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৯ পিএম
ইউএস ওপেন: বিশ্বের এক নম্বর তারকা শিয়াতেকের বিদায়
নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোয় বিলি জিন কিং টেনিস সেন্টারে রোববার চলমান ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে ২০তম বাছাই লাতভিয়ার ইয়েলেনা ওস্তাপেঙ্কোর মুখোমুখি হয়েছিলেন নারী এককের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পোল্যান্ডের ইগা শিয়াতেক। প্রথম সেট জিতে কোয়ার্টার ফাইনালের ওঠার পথেই ছিলেন। কিন্তু পরের দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেন ওস্তাপেঙ্কো।
দীর্ঘ ১০৮ মিনিটের তীব্র লড়াইয়ে ওস্তাপেঙ্কোর কাছে ৬-৩, ৩-৬ ও ১-৬ সেটের হারে শিয়াতেক শুধু ইউএস ওপেন থেকেই বিদায় নেননি, নারীদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও হারাবেন। ইউএস ওপেন শেষে হালনাগাদ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে আসবেন বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা। এর মধ্য দিয়ে শিয়াতেকের টানা ৭৫ সপ্তাহ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার ইতি ঘটবে।
কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার ষষ্ঠ বাছাই যুক্তরাষ্ট্রের কোকো গাফের মুখোমুখি হবেন ওস্তাপেঙ্কো। এ নিয়ে শিয়াতেকের বিপক্ষে চারবারের মুখোমুখিতে প্রতিবারই জিতলেন লাতভিয়ান তারকা। শিয়াতেক চতুর্থ রাউন্ডে উঠে আসার পথে নিজের প্রথম তিন ম্যাচে একটি সেটও হারেননি। বোঝাই যাচ্ছিল, দারুণ ফর্মেই আছেন। কিন্তু ওস্তাপেঙ্কোর বিপক্ষে নামতে হলো মাটিতে।
ম্যাচশেষে ওস্তাপেঙ্কো বলেন, ‘আমি জানতাম আক্রমণাত্মক হতে হবে এবং নিজের খেলাটা খেলতে হবে, কারণ সে এটাতে অস্বস্তিতে ভোগে।’ ওস্তাপেঙ্কো এবারের ইউএস ওপেনের আগে এই প্রতিযোগিতায় কখনো চতুর্থ রাউন্ডে উঠতে পারেননি।
পুরুষদের এককে কোয়ার্টার ফাইনালে উঠেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ক্রোয়েশিয়ার বোর্না গোজোকে ৬-২, ৭-৫, ৬-৪ সেটে হারিয়ে শেষ আটে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিৎজের মুখোমুখি হওয়া নিশ্চিত করেছেন জোকোভিচ। দ্বিতীয় বাছাই জোকোভিচ ফ্রিৎজের বিপক্ষে এর আগে সাতবারের মুখোমুখিতে প্রতিবারই জিতেছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি