এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৯ পিএম
ইংল্যান্ডে নতুন জাতীয় রেকর্ড গড়লেন ইমরানুর
দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান লন্ডনে কুইন এলিজাবেথ পার্কে এক অ্যাথলেটিক্স প্রতিযোগিতার ১০০ মিটার স্প্রিন্টে গড়েছেন নতুন জাতীয় রেকর্ড। বাংলাদেশের এই তারকা স্প্রিন্টার ১০.১১ সেকেন্ড টাইমিং নিয়ে শেষ করেছেন তার দৌড়।
অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু ইমরানুরের এই টাইমিংকে জাতীয় রেকর্ড হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। আব্দুর রকিব মন্টু ব্যক্তিগত কাজে মার্কিন যুক্তরাষ্ট রয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে মন্টু ইমরানুরের টাইমিং সম্পর্কে বলেন, ‘ইংল্যান্ডের এই প্রতিযোগিতাটি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স দ্বারা স্বীকৃত। তাই ১০.১১ সেকেন্ড ১০০ মিটারে জাতীয় রেকর্ড হিসেবে গণ্য হবে। পাশাপাশি ইমরানুরের ব্যক্তিগত সেরা টাইমিং হিসেবে বৈশ্বিক পর্যায়ে প্রদর্শিত হবে।’ ইতোমধ্যে অ্যাথলেটিক্স ফেডারেশন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইতোমধ্যে জাতীয় রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতিও প্রদান করেছে।
ইমরানুর গত বছর ১০.২৯ সেকেন্ড টাইমিং করে জাতীয় রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড ভেঙেছিলেন এই বছরের জুলাইয়ে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে ১০.২৫ টাইমিং করে। মাস দু’য়েক পর ইংল্যান্ডের এক প্রতিযোগিতায় নিজের টাইমিং আরো কমিয়ে ১০.১১ করলেন। এই মাসে চীনের হাংজুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। লন্ডনের এই টাইমিং ধরে রাখতে পারলে ইমরানুর এশিয়ান গেমসে ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি করতে পারবেন বলে আশা করা যাচ্ছে।
গত বছর অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে ইমরানুর ১০.০১ সেকেন্ডে দৌড়িয়েছিলেন। ইসলামিক গেমসের সেই টাইমিং জাতীয় রেকর্ড হিসেবে স্বীকৃত হয়নি। এর কারণ সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘ইসলামিক গেমসের সেই টাইমিং বিশ্ব অ্যাথলেটিক্স থেকে স্বীকৃত ছিল না। ফলে সেটা আমরা হিসেবে আনতে পারিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি