ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নেপালকে ১০ উইকেটে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করলো ভারত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম

নেপালকে ১০ উইকেটে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করলো ভারত

 নেপালকে ১০ উইকেটে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করলো ভারত

এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর, সুপার ফোর নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিলো ভারত। সোমবার শ্রীলঙ্কার পাল্লেকেলেতে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত। প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৩০ রানে অলআউট হয় নেপাল।

জবাবে ভারত ব্যাটিংয়ে নামলে হানা দেয় বৃষ্টি, শেষ পর্যন্ত ২৭ ওভার কমানো হলে ২৩ ওভারে ১৪৬ রানের লক্ষ্য পায় রোহিত-কোহলিরা। জবাবে ব্যাটিংয়ে নেমে  নেপালকে ১০ উইকেটে হারিয়ে পাকিস্তান ও বাংলাদেশের পর তৃতীয় দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করলো ভারত।

১৪৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ১০ উইকেটের বড় জয় পায় ভারত। গিল ৬২ বলে ৭৬ রান এবং রোহিতের ৫৯ বলে অপরাজিত ৭৪ রানে ভর করে ১৭ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতের বিপক্ষে দুর্দান্ত শুরু করেন নেপালের দুই ওপেনার কুশাল ভুর্তেল এবং আসিফ শেখ। দুজনে মিলে ৬৫ রানের জুটি গড়েন। ভুর্তেল ৩৮ রানে আউট হলে, ৭ রান করে তার দেখানো পথে হাঁটেন ভিম শারকি। এরপর ৫ রানে অধিনায়ক রোহিত পাউডেল এবং ২ রানে কুশাল মাল্লা আউট হলে অপর প্রান্তে থিতু হন আসিফ শেখ। তাকে যোগ্য সঙ্গ দেন গুলসান ঝা।

নিজের ফিফটি পূরণের পর ৫৮ রান করে আসিফ আউট হলে ২৩ রান করে সাজ ঘরে ফেরেন গুলসান। শেষ দিকে ডিপেন্দ্র সিং অইরির সঙ্গে জুটি গড়ে নেপালকে এগিয়ে নেন সমপাল কামি। তবে ইনিংস বড় করতে পারেনি অইরি। ২৯ বলে অইরি আউট হলে কামিও ফেরেন ৪৮ রানে।  শেষ দিকে ৯ রানে লামিচানে এবং ছেত্রী ২ রানে আউট হলে ১০ বল হাতে থাকতেই ২৩০ রানে অলআউট হয় নেপাল।

ভারতের হয়ে  মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়াও মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট শিকার করেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি